তাঁদের জন্য অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস সুয়ারেজ, রাদামেল ফ্যালকাও, ডিয়েগো কস্তা
লুইস সুয়ারেজ, রাদামেল ফ্যালকাও, ডিয়েগো কস্তা

শুরুতে শঙ্কাটা ছিল শুধু ফ্যালকাওকে নিয়ে। পরে তার সঙ্গে যোগ হয়েছে আরও দুটি নাম—ডিয়েগো কস্তা আর লুইস সুয়ারেজ। চোটের কারণে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেছে বিশ্ব ফুটবলের এই তিন নক্ষত্রের! সম্ভাবনা আর শঙ্কার মাঝে দাঁড়িয়ে থাকা এই তিনজনের জন্য অপেক্ষার প্রহর গুনছে তাদের দল। কলম্বিয়া, স্পেন কিংবা উরুগুয়ের প্রতিপক্ষরা খুশি হতে পারেন৷ কিন্তু এই তিন স্ট্রাইকার না থাকলে যে বিশ্বকাপ কিছুটা হলেও রং হারাবে তাতে তো সন্দেহ নেই কোনো। অপেক্ষা তাই ফুটবলপ্রেমীদেরও।

রাদামেল ফ্যালকাওকে নিয়ে শঙ্কাটা অনেক আগে থেকেই। চোটের কারণে গত চার মাস ধরে মাঠের বাইরে থাকা কলম্বিয়ান স্ট্রাইকারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন কোচ হোসে পেকারম্যান। তাঁর আশাটা আরও উজ্জ্বল হয়েছে৷ কারণ পরশু আর্জেন্টিনার ক্যাম্পানায় কলম্বিয়া দলের অনুশীলন ক্যাম্পে বাকিদের সঙ্গে যোগ দিয়েছেন ফ্যালকাও। কিছু দিন অনুশীলনের পর চূড়ান্ত পরীক্ষাতেই জানা যাবে বিশ্বকাপ খেলার জন্য কতটা ফিট মোনাকো স্ট্রাইকার।

যেকোনো মূল্যে বিশ্বকাপ খেলবেন বলে উরুগুইয়ান সমর্থকদের আশ্বস্ত করেছেন সুয়ারেজ। বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের পর পুনর্বাসন সময় কাটাচ্ছেন লিভারপুল স্ট্রাইকার। অস্থির অপেক্ষায় দিন কাটছে গোটা উরুগুয়ের৷ তবে সুয়ারেজের ইতিবাচক মানসিকতাই তাঁকে বিশ্বকাপের আগে পুরো ফিট করে তুলবে বলে আশাবাদী উরুগুয়ে দলের চিকিৎসক আলবার্তো প্যান, ‘অস্ত্রোপচারের পর এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে। সুস্থ হয়ে ওঠার প্রবল ইচ্ছা ওর মধ্যে এবং সেটাই ওকে সাহায্য করবে।’

চোট কাটিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ফিরেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের ব্রাজিল বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার ডিয়েগো কস্তা। কিন্তু ৯ মিনিটের বেশি খেলতে পারেননি। পুরো ফিট হয়ে তাঁর মাঠে ফিরতে আরও দুই সপ্তাহের মতো লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অপেক্ষা করতে আপত্তি নেই স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কেরও, ‘চূড়ান্ত দল ঘোষণার জন্য আমাদের হাতে ২ জুন পর্যন্ত সময় আছে। সুতরাং তাড়া​হুড়ার কিছু নেই। যদি সে ফিট হতে পারে তাহলে তো ভালোই। যদি ফিট না হতে পারে আমাদের হাতে যথেষ্ট বিকল্প আছে।’ ওয়েবসাইট।