তাঁদের জ্বলে ওঠার প্রতীক্ষায় দল
শরীরের গড়ন আর খেলার ধরন—দুটোতেই দুজনের দারুণ মিল। প্রায় চার বছর একসঙ্গে খেলেছেনও বার্সেলোনায়। তবে গত বছর-দুয়েক দুজনের অবস্থা দুই রকম। ২০০৮ সালে বার্সেলোনা ছাড়ার পর থেকেই ডেকোর আলো হারানোর শুরু। আর জাভির শুরু ‘খুব ভালো’ থেকে ‘বিশ্বসেরাদের একজন’ হয়ে ওঠার। আজ দুজন মাঠে নামছেন প্রায় একই অবস্থা থেকে।চেলসির সেরা একাদশে জায়গা নিয়মিত না হলেও পর্তুগালের জন্য ডেকো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক সময়টায় একটু যেন অনুজ্জ্বল। এই বিশ্বকাপেরও প্রথম ম্যাচে ৬২ মিনিট পর তাঁকে তুলে নিয়েছেন কোচ। পরের দুই ম্যাচ খেলতে পারেননি ইনজুরিতে। তাঁকে ছাড়াই অবশ্য বেশ ভালোভাবে গ্রুপ পর্ব পেরিয়েছে পর্তুগাল। তবে আজ সেই পুরোনো ডেকোকে বড্ড বেশি প্রয়োজন দলের। যে ডেকো অভিষেকেই জন্মভূমি ব্রাজিলের বিপক্ষে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন, যে ডেকো ডিফেন্স-চেরা পাস দেওয়ার পাশাপাশি করতে পারেন দারুণ সব গোল।জাভি বিশ্বকাপে এসেছিলেন আকাশসম প্রত্যাশা নিয়ে। গত দুই বছরের নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বসেরা মিডফিল্ডারদের একজন হিসেবে। গত মৌসুমে, চ্যাম্পিয়নস লিগে তাঁর পাসে গোল হয়েছিল সর্বোচ্চ ৭টি, লা লিগায় সর্বোচ্চ ২০টি। অবিশ্বাস্যভাবে ২৫৪ পাসের ৮৯ শতাংশই সফল করে ২০০৮ ইউরোতে জিতেছিলেন ‘গোল্ডেন বল’। খেলা বানানোর কারিগরের কাছে বিশ্বকাপেও এমন কিছুর প্রত্যাশা ছিল স্পেনের। প্রথম তিন ম্যাচে খুব যে খারাপ করেছেন, তা নয়, তবে জাভিকে ঠিক জাভির মতো মনে হয়নি। আজ তাই স্পেনের প্রতীক্ষা জাভির জ্বলে ওঠার।