তাঁদের তারা হয়ে ওঠার পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, রোনালদোদের জন্য বিশ্বকাপ ছিল তারকা থেকে মহাতারকা হয়ে ওঠার সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে তাঁরা উঠে গেছেন ওপরে। ইতিহাসের আকাশে ঠাঁই করে নিয়েছেন ধ্রুবতারা হয়ে।বিশ্বকাপ কিন্তু জন্ম দিয়েছে সালভাতোরে শিলাচির মতো অপ্রত্যাশিত তারকারও। বিশ্বকাপের আগে যাঁদের কেউ কেউ ছিলেন নিষ্প্রভ, কেউ হয়তো জ্বলতেন মিটিমিটি; বিশ্বকাপে ধূমকেতুর মতো যাঁদের আবির্ভাব।এবার বিশ্বকাপ জন্ম দেবে কোন তারকার? একদিকে লিওনেল মেসি, ডেভিড ভিয়ারা আছেন; যাঁদের জন্য মখমল বিছানো পথ তৈরি হয়েই আছে। যেমনটা ছিল ম্যারাডোনা-জিদানদের জন্য। আবার এই বিশ্বকাপ দরজা খেলা রেখেছে উরুগুয়ের লুইস সুয়ারেজ, জার্মানির মেসুত ওজিলদের সামনেও।ওজিল আর সুয়ারেজকে পুরো বিশ্ব চিনল এবারই। সুয়ারেজের ওপরই আপাতত আলোটা বেশি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাঁর সেই দুর্দান্ত গোলটাই যে ৪০ বছরের বন্ধ্যাত্ব ঘুচিয়ে শেষ আটে নিয়ে গেল প্রথম বিশ্ব চ্যাম্পিয়নদের। হল্যান্ডের ক্লাব ফুটবলে খেলা ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার ঠিক যেন ‘১৯৯০ বিশ্বকাপের শিলাচি’।ইতালির বাইরে খুব কম লোকই জানত শিলাচির নাম। রিজার্ভ স্ট্রাইকার হিসেবে ছিলেন দলে। খুব বেশি প্রয়োজন না পড়লে মাঠে ডাক পড়ত না যাঁর। সেই শিলাচি ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। গোল্ডেন বুটের পাশাপাশি পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বলও।শিলাচি প্রেরণা হতে পারেন সবার জন্য। অন্তত এখন পর্যন্ত ঠিক সামর্থ্যের পুরোটা মেলে ধরতে না পারা ক্রিস্টিয়ানো রোনালদো, ফার্নান্দো তোরেসের জন্য তো অবশ্যই। লিভারপুল স্ট্রাইকার তোরেসের তবুও একটা ঢাল আছে। সেটাই তিনি ব্যবহার করছেন, ‘আমি বুঝতে পারছি কিছু একটা জিনিস হচ্ছে না আমার। কিন্তু ঠিক কী হচ্ছে না, সেটাই বুঝতে পারছি না। মাত্রই অস্ত্রোপচার করে মাঠে ফেরাটা এত সহজ নয়।’রোনালদোও একটা ভালো যুক্তি দেখিয়েছেন, ‘নিজের শতভাগ খেলাটা পেতে আমার সময় লাগবে।’ পর্তুগিজ অধিনায়ক নিশ্চয়ই ভালো করেই জানেন, সময় খুব বেশি হাতে নেই তাঁর। কে জানে, সময়টা শেষ হয়ে যেতে পারে আজই।যে সময়টা শেষ হয়ে গেছে ওয়েইন রুনি, স্যামুয়েল ইতো, দিদিয়ের দ্রগবাদের জন্য। এই বিশ্বকাপটা যাঁদের জন্য ছিল মণিমুক্তা কুড়িয়ে নেওয়ার। একবুক হতাশা দিয়েই শেষ হয়েছে যাঁদের বিশ্বকাপ। দ্রগবার দল তবুও ৪ পয়েন্ট নিয়ে শেষ করেছে বিশ্বকাপ। চেলসি তারকা নিজেও একটা গোল করেছেন ব্রাজিলের বিপক্ষে ম্যাচে। ইতো দুটো গোল করলেও তাঁর ‘বিশ্বসেরা’ দল পয়েন্ট পায়নি একটিও। দ্রগবা-ইতোরা তবুও সান্ত্বনা খুঁজে নিতে পারছেন। রুনির বেলায় সান্ত্বনাও যে বড় দুষ্প্রাপ্য। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর দ্রগবা-ইতোদের প্রতিক্রিয়া জানা গেছে। রুনির দেখা সাংবাদিকেরা আগামী এক মাসেও পাবেন কি না কে জানে।রুনিকে অন্তত আগামী দুই বছর এই অপবাদ শুনে শুনেই কাটবে, ‘ও তো আসলে ম্যানইউর খেলোয়াড়।’ ২০১২ ইউরোতে কিছু করে দেখাতে হবে তাঁকে, তবেই মুছবে কলঙ্কতিলক। অবশ্য তারও আগে ইংল্যান্ডকে ইউরোর বাছাইপর্ব পেরোতে হবে, গতবার যেটি তারা করে দেখাতেই পারেনি।এদিক দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন লিওনেল মেসি। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা ‘বার্সেলোনার খেলোয়াড়’ অপবাদ তিনি ছিঁড়ে ফেলেছেন প্রথম ম্যাচেই। বিশ্বকাপে গোলের দেখা এখনো পাননি। কিন্তু গোল না করেও মেসি যে আলোচনায়। ‘মেসি-ম্যাজিক’ যে এই বিশ্বকাপের সবচেয়ে পরিচিত যুগল-শব্দ।তবে মেসিও নিশ্চয়ই ভালো করে জানেন, একজন ম্যারাডোনা, শিলাচি কিংবা একজন জিদান হয়ে উঠতে গেলে শেষ পর্যন্ত হাতে সোনালি ওই ট্রফিটা তুলে ধরতেই হয়। ওই ট্রফি ছাড়া বাকি সবকিছুই অর্থহীন! ওয়েবসাইট।