তাঁদের দুজনকেই পছন্দ ব্ল্যাটারের
মেসি-রোনালদো বিতর্কে বিভক্ত গোটা ফুটবল বিশ্ব। কিন্তু অভিভাবক হয়ে তো আর কোনো ‘সন্তানের’ প্রতি বেশি পক্ষপাতিত্ব দেখানো যায় না! ফুটবল বিশ্বের অভিভাবকও ওপথ মাড়াননি। সেপ ব্ল্যাটারের কাছে সেরা দুজনই—ক্রিস্টিয়ানো রোনালদো মিডফিল্ড জেনারেল আর লিওনেল মেসি জাদুকর! সর্বকালের সেরা বাছতে অবশ্য কূটনীতির আশ্রয় নেননি। পেলে-ম্যারাডোনা নন, ফিফা-প্রধানের কাছে সেরা আলফ্রেডো ডি স্টেফানো!স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন ব্ল্যাটার। যথারীতি এসেছে সময়ের আলোচিত প্রসঙ্গ। ব্ল্যাটারও জানিয়ে দিয়েছেন, পছন্দ মেসি-রোনালদো—দুজনই, ‘আমি বেছে নেব দুজনকেই! ওদের ধরন আলাদা কিন্তু দুজনই অসাধারণ ফুটবলার। মাঠে ক্রিস্টিয়ানো হতে চায় জেনারেল, নিজের খেলা দিয়ে যেন চিৎকার করে বলতে চায় ‘‘দেখো সবাই, এই হলাম আমি’’, অন্যদিকে মেসি এক জাদুকর। ওরা দুজনই ফুটবলের জীবন্ত কিংবদন্তি।’এটা ব্ল্যাটারের মনের কথা না-ও হতে পারে। হয়তো বিতর্ক এড়াতেই বেছে নেননি কোনো একজনকে। তবে সর্বকালের সেরার ক্ষেত্রেও কি বেছে নিলেন নিরাপদ পথ! ফিফা সর্বকালের সেরা ঘোষণা করেছে পেলেকে, মানুষের ভোটে আবার সেরা হয়েছেন ম্যারাডোনা। ব্ল্যাটার ওই দুজনের কারও দিকেই যাননি, বেছে নিলেন রিয়াল মাদ্রিদ, আর্জেন্টিনা ও স্পেন কিংবদন্তি ডি স্টেফানোকে। ওয়েবসাইট।