তাঁদের দৃষ্টি বয়সভিত্তিক ক্রিকেটে
খেলোয়াড়ি জীবনে প্রত্যাশার চাপ ছিল। এখন নির্বাচক হয়েও চাপই থাকছে মাথার ওপর। দেশের ক্রিকেটকে ভালো কিছু দেওয়ার চাপ। নতুন তিন নির্বাচক—আকরাম খান, মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার অবশ্য এটিকে চাপ হিসেবে নিচ্ছেন না। তাঁদের কাছে কাজটা চ্যালেঞ্জিং, উপভোগ্য কিছু করার হাতছানি।গত বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদের সঙ্গে অনানুষ্ঠানিক সভায় বসেছিল আকরাম খানের নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটি। সেটারই ধারাবাহিকতায় কাল হলো আরেকটি সভা, যেখানে নতুন কমিটি বোর্ডকে জানিয়ে দিয়েছে, তারা কাজ করতে প্রস্তুত। ‘বোর্ডের প্রস্তাব নিয়ে আলাপ-আলোচনার পর আজ (গতকাল) তাঁরা আমাকে নিশ্চিত করেছেন, তাঁরা দায়িত্বটা নিচ্ছেন এবং তাঁদের দিক থেকে সে রকম কোনো চাহিদা নেই’—বলেছেন প্রধান নির্বাহী। আলোচনায় নতুন কমিটির মেয়াদ নিয়ে বিস্তারিত আলোচনা না হলেও মনজুর আহমেদ জানিয়েছেন, আকরাম খানের কমিটিকে আপাতত দুই বছরের জন্য দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বোর্ড। আগামী ১ জুন শুরু হবে তাঁদের মেয়াদ। চুক্তি স্বাক্ষর হয়ে যাবে তার আগেই।নির্বাচকদের দিক থেকে এখন পর্যন্ত যে রকম সাড়া, তাতে বোর্ড খুশি। আবার নির্বাচকেরাও খুশি যে বোর্ড এখন পর্যন্ত সবকিছুতে ইতিবাচক মানসিকতাই দেখাচ্ছে। গতকালের আলোচনা মূলত ছিল চুক্তির শর্তাবলি নিয়ে এবং তাতে দুই পক্ষের চিন্তাভাবনা একই রকম বলে জানালেন প্রধান নির্বাচক, ‘টার্মস অ্যান্ড কন্ডিশনে বয়সভিত্তিক পর্যায়ে মনোযোগ বাড়ানোর বিষয়টি থাকবে। আমরাও তা-ই চাই। আমাদের টার্গেট একটাই—দেশের জন্য ভালো কিছু করা। আমাদের উদ্দেশ্য ভবিষ্যতের জন্য ভালো ভালো খেলোয়াড় বের করা।’ নতুন নির্বাচক কমিটির পক্ষ থেকে মাঠে আরও বেশি সময় দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন আকরাম। সেটা আন্তর্জাতিক, ঘরোয়া এবং বয়সভিত্তিক ক্রিকেটেও।আগের অভিজ্ঞতা থেকে চুক্তির শর্তাবলিতে খুব বেশি নতুনত্ব দেখছেন না আকরাম, ‘টার্মস অ্যান্ড কন্ডিশন অনেকটা আগের বারের মতোই। তবে এর বাইরেও আমরা সম্পৃক্ততা বাড়াতে চাই। শুধু জাতীয় দলের জন্য নয়, একাডেমি, “এ” দল, বয়সভিত্তিক দল—এসব নিয়েও কাজ করার ইচ্ছা আছে।’ আর কাজের স্বাধীনতা নিয়ে তাঁর আশা, ‘কাজের স্বাধীনতা সব সময়ই ছিল। দু-একটা ব্যাপার ছাড়া আগের নির্বাচক কমিটির কাজে সে রকম বাধা আসেনি। নতুন কমিটিতে আমরা তিনজনই সাবেক অধিনায়ক, আমার মনে হয়, আমাদের একটা ভালো ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতা আছে। আশা করি, সে রকম কোনো বাধা আসবে না।’ দল নির্বাচন নিয়ে বোর্ডের সঙ্গে সংঘর্ষ এড়াতে একটা উপায়ও খুঁজে রেখেছেন আকরাম, ‘আমরা কী করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি, সেটা ব্যাখ্যা করে দিলে কোনো সমস্যা হবে না। আমরা বোর্ডের অধীনে। বোর্ডের পলিসি আমাদের মানতে হবে। আমাদের কাজ সম্পর্কে আগেই বোর্ডকে ধারণা দেব। আমার কাছে যদি ব্যাখ্যা থাকে, আমি কী কারণে কাকে নেব, কী কারণে নেব না, তাহলে সমস্যা হবে কেন?’আকরামের মতো মিনহাজুলও মনে করেন বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেট নিয়েই বেশি কাজ করতে হবে, ‘একাডেমির ভিত্তি শক্তিশালী থাকলে ব্যাকআপ খেলোয়াড় পাওয়া যায়। এটাতেই এখন জোর দিতে হবে। একাডেমিতে অভিজ্ঞ কোচ আছেন। এখান থেকে আরও বেশি খেলোয়াড় তুলে আনার চেষ্টা করতে হবে।’দলের সাফল্যে নির্বাচকদের কথা খুব কম মানুষই মনে রাখে। ব্যর্থ হলে সবাই খোঁজ নেয়, দলটা কারা করেছে। মিনহাজুল সেটা মাথায় রেখেই পালন করবেন দায়িত্ব, ‘সমালোচনা অবশ্যই থাকবে। এর মধ্যেও ভালো কাজ করা যায়। নির্বাচকের কাজ থ্যাংকলেস জব—এটা মানতে হবে। সবাইকে খুশি করা যাবে না। তবে আমার মনে হয়, এর মধ্যেও ভালো কাজ করার সুযোগ আছে।’সমালোচনার চিন্তা মাথায় রাখবেন না হাবিবুল বাশারও, ‘আমরা তিনজনই একমত যে এখানে আমরা শুধু মেয়াদকাল পূর্ণ করতে আসিনি, কিছু করার জন্য এসেছি। দল নির্বাচন করতে গেলে সমালোচনার কথা মাথায় রাখা যায় না। আমরাও রাখব না। যেটা ভালো মনে হয়, সেটাই করব।’ নির্বাচকের কাজটাকে ‘চ্যালেঞ্জিং’-এর চাইতেও উপভোগ্যই বেশি মনে হচ্ছে হাবিবুলের কাছে, ‘আমি খেলা দেখতে খুব পছন্দ করি। মনে হচ্ছে, কাজটা উপভোগ করব।’সম্মান, অর্থ সবই পাবেন নির্বাচকেরা। তবে তাঁদের কাছ থেকে সেরাটা বের করে নিতে বিসিবি বোধ হয় এই পথটাও নিতে পারে—স্বাধীনভাবে কাজ করতে দিয়ে নির্বাচকদের উপভোগের সীমাটা বাড়িয়ে দেওয়া।