তাঁদের নামে...
ভক্তদের ভালোবাসা তো আছেই, রাষ্ট্র-সমাজের কাছ থেকেও কম সম্মান পান না ফুটবল তারকারা। তারকাদের নামে বিচিত্র সব জিনিসের নামকরণই প্রমাণ

দ্য জ্লাতান বার্গার
খেতে খুব সুস্বাদু জ্লাতান! দাম মাত্র ৩০ ইউরো। ধন্যবাদ প্যারিসের ডডি’স ক্যাফে। সেখানেই পাওয়া যায় জাতান ইব্রাহিমোভিচের নামে রাখা থ্রি-চিজ ও বেকন বার্গার। কিন্তু ইব্রা যদি পিএসজি ছাড়েন তবে কি ক্যাফে কর্তৃপক্ষ বার্গারটির নাম বদলে ‘দ্য বেঞ্জামিন স্তামবুলি’ রাখবে?

টিম কাহিল এক্সপ্রেসওয়ে
উলুমুলু থেকে শুরু হওয়া এক্সপ্রেসওয়ে আগে থেকেই পরিচিত ছিল ‘কাহিল এক্সপ্রেসওয়ে’ নামে। নিউ সাউথ ওয়েলসের সাবেক প্রধানমন্ত্রী জন কাহিলের নামে রাখা রাস্তাটির নাম ২০১৩ সালে ৩৬ ঘণ্টার জন্য বদলে রাখা হয় সকারু অধিনায়ক টিম কাহিলের নামে। নামকরণের উদ্দেশ্য ছিল ব্রাজিল বিশ্বকাপের অস্ট্রেলিয়াকে উদ্বুদ্ধ করা। নিজের নামে মহাসড়কের নাম দেখে আবেগ সামলাতে পারেননি কাহিল। নামকরণের ঘটনাটিকে বলেছিলেন জীবনেরই সেরা ঘটনা।

ফন নিস্টলরয় ঘোড়া
মাঠে তাঁর প্রাণশক্তির সঙ্গে হয়তো অশ্বশক্তির তুলনা করা যেত। তাই বলে রুড ফন নিস্টলরয়ের নামে ঘোড়ার নাম! শুধু এটাই নয় অশ্বপুঙ্গব ফন নিস্টলরয় ছিল ২০০১ সালের সবচেয়ে দামি ঘোড়া। যেটির দাম ছিল ৬.৪ মিলিয়ন মার্কিন ডলার। এককালের দাপুটে ঘোড়াটি এখন আছে নিউজিল্যান্ডে। ফন বাস্তেন নামের একটি শাবকের পিতাও হয়েছে। সূত্র: ফোরফোরটুডটকম।

পেপি নামের গ্রহাণু
সিআর-৭ ক্রিস্টিয়ানো রোনালদোর নামে একটা আস্ত ছায়াপথ থাকলেও চেক-অস্ট্রিয়ান কিংবদন্তি স্ট্রাইকার ইয়োসেফ ‘পেপি’ বিকানের নামে আছে একটা গ্রহাণু। ‘১০৬৩৪ পেপিবিকান’ নামের গ্রহাণুটি মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝখানের এক গ্রহাণুপুঞ্জের সঙ্গে আবর্তন করছে অবিরাম। প্রয়াত বিকানের স্মৃতিও এতে থাকছে অমলিন।

ম্যারাডোনার চার্চ
ফুটবল-ভক্তরা ‘ঈশ্বরের হাতের’ উপাসনা করবেন এতে অবাক হওয়ার কী আছে? ইগলেসিয়া ম্যারাডোনিয়া নামে যে রীতিমতো একটা গির্জাই প্রতিষ্ঠা করে ফেলেছেন ভক্তরা। গির্জাটির প্রতিষ্ঠাতা আলেসান্দ্রো ভেরন বলেন, ‘আমার হৃদয়ের ধর্ম ম্যারাডোনা’। শুধু তা-ই নয়, ম্যারাডোনার জন্মের সময় থেকেই অনুসারীরা গণনা করেন সময়। সে হিসাবে এখন চলছে ‘৫৪ ম্যারাডোনাব্দ’!
স্টিভেন জেরার্ড টাওয়ার
‘এই উদ্যোগের অংশ হতে আমাকে উৎসাহিত করেছে আজিজি ব্র্যান্ডের দূরদৃষ্টি ও মান’, দুবাইয়ের ১৫০ মিলিয়ন পাউন্ডের এক বিলাসবহুল আবাসন প্রকল্পের এমন গুণগানই গেয়েছিলেন লিভারপুলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার স্টিভেন জেরার্ড। প্রতিষ্ঠানটির দূরদৃষ্টি ও মানের সঙ্গে জেরার্ড উল্লেখ করতে ভুলে গেছেন এক মিলিয়ন পাউন্ডের সুরম্য পেন্টহাউসটির কথা। চুক্তির অংশ হিসেবে যা বাগিয়ে নিয়েছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক।
‘দ্য লে টিস জেট’
সাউদাম্পটন ও গার্নসির মধ্যে চলাচলকারী কোনো বিমানের নাম হতে পারে একটাই। এ জন্যই ব্রিটিশ বিমান সংস্থা ফ্লাইবি ২০০৭ সালে চালু করে ‘দ্য ম্যাট লে টিসিয়ের’। সাউদাম্পটনের সাবেক ‘আলসে’ এই ফুটবলার ম্যাট লে টিসিয়েরের মতোই রানওয়েতে ৮৫ মিনিট অলস সময় কাটিয়ে রোমাঞ্চকর একটা ফ্লাইট উপহার দিত বিমানটি।
ফোরফোরটু থেকে ভাষান্তর