জোহানেসবার্গব্রাজিলের জনসংখ্যা ১৯ কোটির বেশি, আর্জেন্টিনার ৪ কোটির মতো। লাতিন আমেরিকান ফুটবলের ঐতিহ্যের ধারক এই দুটি দেশেই মোট জনসংখ্যার প্রায় নব্বই শতাংশই নাকি ফুটবল অনুরাগী। সেই হিসেবে বাদ থাকে কেবল একেবারেই ভূমিষ্ঠ হওয়া শিশুরা। এই ফুটবল অনুরাগীরাও আবার যেনতেন নয়। রীতিমতো ফুটবল-পণ্ডিত। জনরোষের মুখে ইস্তফা দেওয়া কিংবা ছাঁটাই হওয়া ব্রাজিল-আর্জেন্টিনার কোচরা তো বলেই ফেলেন, এ দেশের সবাই ফুটবল কোচ। তাহলে বাংলাদেশের সঙ্গে তুলনা করলে কী হবে? সাধারণ সমর্থকও তো তাহলে আবাহনী, মোহামেডান না হোক, ছোটখাটো দলের কোচ হয়ে যেতে পারেন! ব্রাজিল অথবা আর্জেন্টিনা থেকে কেউ একজন এসে যদি বলে, ‘আমি কোচ’, বলার কিছু থাকবে না।আমি যে হোটেলে আছি, সেই হোটেলে অনেক ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন সমর্থক ডেরা বেঁধেছে। এদের দুজন আলেজান্দ্রো ও ডোয়ানা। দুজনে বন্ধু থেকে জীবনসঙ্গী হয়ে গেছেন বছর তিনেক আগে। আর ওই তিন বছর আগেই তাঁরা পরিকল্পনা করেছেন, টাকা জমিয়েছেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দেখতে যাবেন।এক গাড়িতে সকার সিটি স্টেডিয়ামে যাওয়ার পথে তাঁদের সঙ্গে আলাপ। আলেজান্দ্রো ফুটবলে তুখোড়, ডোয়ানও কম যান না। সুন্দর ফুটবলের পূজারি ব্রাজিলিয়ানদের কাছে কার্লোস দুঙ্গা গণশত্রু হতে পারেন, কিন্তু এঁরা দুজন দুঙ্গাকে অন্য দৃষ্টিতে দেখেন। বলেন, ‘দুঙ্গা বেশি জাতীয়তাবাদী। দেশকে কীভাবে জেতাবেন, এটাই তাঁর চিন্তা। কীভাবে খেলে জিতলেন, এটা নিয়ে তিনি ভাবেন না। এক দিক দিয়ে এটা ঠিকই আছে। ফলনির্ভর ফুটবলে সাফল্যটাই এখন বড়। ১৯৯৪ ও ২০০২ সালে আমরা কীভাবে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তখন তো আর জোগো বনিতো ছিল না।’ডোয়ানা আলেজান্দ্রোর মুখের কথা ধরে নিয়ে বললেন, জোগো বনিতো অর্থাৎ সুন্দর ফুটবল অনেক আগে থেকেই মৃত্যুপথযাত্রী, ‘আমার মনে হয় জোগো বনিতো ব্রাজিল সর্বশেষ খেলেছে ১৯৮৬ বিশ্বকাপে। তারপর ব্রাজিলেরই উপলব্ধি হয়েছে, শিরোপার জন্য এখন শুধু সুন্দর ফুটবল খেললেই হবে না। প্রয়োজনে রক্ষণাত্মক হতে হবে। দেখুন না, এই যে ব্রাজিলের দলটি এসেছে, এটির রক্ষণভাগ সবচেয়ে শক্তিশালী।’দুঙ্গার রোনালদিনহোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি আপনারা সমর্থন করেন? ‘প্রশ্নটা খুব কঠিন। আমরা আসলে বিভ্রান্ত’—উত্তর দেওয়ার আগে একটু ভাবতে লাগলেন আলেজান্দ্রো। পরে বললেন, ‘দুঙ্গার কাছে হয়তো রোনালদিনহোর শৃঙ্খলাগত বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, রোনিকে দরকার ছিল। মাঝমাঠে বল পায়ে রাখার মতো খেলোয়াড় কোথায় ব্রাজিল দলে? কাকা বল পায়ে খুবই দ্রুতগতির, রবিনহোও অনেকটা তাই। বল নিয়ে যে কিছু সময় ধরে রাখতে পারে, দেখেশুনে জায়গামতো পাস দিতে পারে, এমন একজন খেলোয়াড় দরকার ছিল। তার পরও বলা যায় না। এই ফাটকাটা খেটে গেলেই হয়তো আমরা দুঙ্গাকে প্রশংসায় ভরিয়ে দেব।’এই হলো দুই সাধারণ ফুটবল অনুরাগী ব্রাজিলিয়ানের ভাবনা। ভেবে দেখুন, ফুটবলটা ব্রাজিলিয়ানদের অন্তরের কোন স্তরে গেঁথে গেছে!এবার বলি আর্জেন্টিনার একজন সমর্থক আদ্রিয়ানের কথা। বুয়েনস এইরেসের ৪০ বছর বয়সী এই সরকারি চাকরিজীবী অফিস থেকে লম্বা ছুটি নিয়ে দক্ষিণ আফ্রিকায় এসেছেন আর্জেন্টিনার পিছু পিছু। নাইজেরিয়ার সঙ্গে প্রথম ম্যাচের আগে গেট দিয়ে ঢুকেই একটি আর্জেন্টাইন টিভি চ্যানেলের কবলে পড়লেন আদ্রিয়ান। তাঁর কাছে টিভি সাংবাদিক জানতে চাইলেন, ‘মেসি কি আজই আর্জেন্টিনার শার্ট গায়ে দেখিয়ে দেবে তাঁর ঝলক?’ ‘অবশ্যই অবশ্যই। নাইজেরিয়া ওকে আটকাতে পারবে না’—উত্তর দিয়েই বাংলাদেশের সাংবাদিকের হাতে পড়লেন আদ্রিয়ান। আকাশি-সাদা পতাকার রঙের বিশাল একটা ব্যানার, এক প্রান্ত তিনি ধরেছেন, অন্য প্রান্তে আরেক সহযোগী।আদ্রিয়ানের বিশ্বাস, ম্যারাডোনা-মেসি রসায়নই এবার আর্জেন্টিনাকে শিরোপা জেতাবে, ‘ম্যারাডোনা আমাদের কাছে এখনো ঈশ্বর, ঈশ্বরই থাকবেন। তাঁর সঙ্গে আছে ছোট্ট জাদুকর মেসি। দুজনই আমাদের ভরসা। আশা করি আশাহত হব না।’ অবশ্য আর্জেন্টিনাকে ভালো দল বলতে পারছেন না এই সমর্থক, ‘আমাদের বিশ্বমানের কিছু খেলোয়াড় আছে। কিন্তু দল হিসেবে আমরা ভালো নই।’ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি সাংবাদিকদের ব্রাজিল-আর্জেন্টিনার মিডিয়ার সঙ্গেও কথা বলতে হচ্ছে। এদিন আর্জেন্টিনার লা ন্যাসিওনাল পত্রিকার সাংবাদিক নিকোলাস বালোতেল্লির কাছে সাক্ষাৎকার দিতে হলো। আগের দিন ব্রাজিলের একটি ফুটবল সাময়িকীর কাছে দিতে হলো সচিত্র সাক্ষাৎকার। এঁদের কাজ হলো অন্য দেশের চোখে নিজেদের সম্ভাবনাকে যাচাই করে নেওয়া। হাসি পায়, মনে মনে বলি, ব্রাজিল-আর্জেন্টিনার সাধারণ মানুষই তো সবচেয়ে বড় বোদ্ধা। বিশ্বকাপের মূলমঞ্চ থেকে আলোকবর্ষ দূরে থাকা বাংলাদেশের সাংবাদিককে কেন এর মধ্যে ডাকা!