তাঁদের বাধা ছিলেন জর্জেভিচ!
আশপাশে চেনা কিছু মুখ দেখে সহাস্যে হাত মেলালেন দুজনই। কথা বললেন হাসিমুখে, ‘উই আর ভেরি হ্যাপি টু কাম এগেইন।’কিন্তু বাংলাদেশে আবার আসতে গিয়ে জোরান জর্জেভিচের বাধার মুখে পড়েছিলেন দুজনই। বাংলাদেশের সাবেক সার্বিয়ান কোচ সিরিয়ার একটা ক্লাবের দায়িত্ব নিয়ে দিন তিনেক আগে বেলগ্রেড ছেড়েছেন। বাংলাদেশেই তাঁর সঙ্গে কাজ করে যাওয়া স্বদেশি দুই সহকারী জোরান কার্লেভিচ আর দাভর বার্বার ঠিক এক দিন পরই উঠেছেন ঢাকাগামী বিমানে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব নিতে। জর্জেভিচ চাইছিলেন, এই দুজন তাঁর সঙ্গে সিরিয়ায় যান। শেষ পর্যন্ত তিনজনের পথ বাঁক নিল দুই দিকে। ‘জোরান চেয়েছে আমরা সিরিয়ায়ও তার সহকারী হিসেবে কাজ করি। কিন্তু বাংলাদেশেই আসব জেনে সে রেগে আগুন আমাদের ওপর’—বলছিলেন কার্লেভিচ। সহকারী কোচ কাম ট্রেনার দাভরকে পাশে নিয়ে শেখ জামালের প্রধান কোচ কার্লেভিচ যোগ করলেন, ‘এখানে জর্জেভিচের আচরণ আমরা সমর্থন করিনি। কিন্তু আমাদের কিছু করার ছিল না তখন।’দুই সার্বিয়ান কোচ কাল ঢাকায় এসে বিকেলে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। কার্লেভিচকে নিয়েই সবার আগ্রহ ছিল বেশি। বাংলাদেশের ফুটবলাররা এখনো বলেন, ‘জর্জেভিচ কোচ থাকলেও আসল কাজটা করতেন কার্লেভিচই।’তারই ফল—এসএ গেমসে বাংলাদেশের সোনা জয়। কিন্তু বাংলাদেশের ঘরোয়া ফুটবল তাঁদের অজানা। তাই সতর্ক কার্লেভিচ, ‘আমরা সময় চাই। আমাদের পরিশ্রম করতে হবে। আগাম প্রতিশ্রুতি দেব না। তবে শেখ জামালকে শীর্ষেই দেখতে চাইব।’নবাগত শেখ জামালে আমিনুল, এমিলি, এনামুল থাকছেন জানতেন, কিন্তু জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়ই জামালে ভিড়ছে, তাঁদের জানা ছিল না। জেনে দুজনই উৎফুল্ল। যুগোস্লাভিয়ার বয়সভিত্তিক দলে খেলা কার্লেভিচ কাজ করেছেন সার্বিয়ার শীর্ষ ক্লাব পার্টিজান বেলগ্রেডের সহকারী কোচ হিসেবে। উয়েফা প্রো-লাইসেন্সধারী কার্লেভিচের প্রিয় কোচ মরিনহো। নিজের সম্পর্কে যাঁর মূল্যায়ন, ‘আমি সৃষ্টিশীল কিছু করতে ভালোবাসি।’