তাঁদের বার্নাব্যু-দর্শন
চোখের সামনে স্বপ্নের বার্নাব্যু স্টেডিয়াম, রিয়ালের জেতা ৯টি চ্যাম্পিয়নস লিগ ট্রফি আর কোলে কদিন আগে পৃথিবীতে আসা মেয়ে। বাকরুদ্ধ হয়ে গেলেন আরিয়েল টিকোনা। বার্নাব্যুতে হাজির হতে পারলে দুনিয়ার লাখো লাখো মানুষেরই এমন বাকরুদ্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু টিকোনার ব্যাপারটা আলাদা। এই স্টেডিয়াম তো দূরে থাক, এই পৃথিবী, সন্তান, প্রিয়জন—কিছুই আর তাঁর দেখার কথা ছিল না। সেদিন পর্যন্ত চিলির এই ২৯ বছর বয়সী খনিশ্রমিক আটকে ছিলেন দুই হাজার ফুট মাটির নিচে। বিস্ময়করভাবে সেখান থেকে মুক্তি পেয়েছেন আরও ৩২ শ্রমিকের সঙ্গে। মুক্তির আনন্দ উদ্যাপনে আরও উদ্ধার পাওয়া তিন সহকর্মীর সঙ্গে পরশু বার্নাব্যুতে এসেছিলেন টিকোনা।সুযোগটা করে দিয়েছিল রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। চিলির উদ্ধার পাওয়া খনিশ্রমিকদের প্রতি শুধু বার্সেলোনারই সহানুভূতি আছে, তা নয়। রিয়াল মাদ্রিদও উদ্ধার পাওয়া এই শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে। বার্সেলোনার ডেভিড ভিয়া তাঁর সই করা ক্লাব-জার্সি পাঠিয়েছিলেন শ্রমিকদের। রিয়াল ৩৩ জনের জন্যই পাঠিয়েছিল পুরো স্কোয়াডের সই করা জার্সি। এরপর চার শ্রমিককে বার্নাব্যু ঘুরে দেখারও সুযোগ করে দিয়েছে।সুযোগ মানে কী? খোদ ক্লাব মহাপরিচালক হোর্হে ভালদানো তাঁদের স্টেডিয়াম, ড্রেসিংরুম, মাঠ, ক্লাবের অর্জিত ট্রফি ঘুরে ঘুরে দেখিয়েছেন। আনন্দে আত্মহারা শ্রমিকেরা ইচ্ছেমতো ছবি তুলেছেন। যাওয়ার সময় সবাই মিলে একটা ছবি তুলে নিয়ে গেছেন সাবেক রিয়াল খেলোয়াড়, চিলির ইভান জামোরার ছবির পাশে দাঁড়িয়ে। এএফপি।