তাঁদের বিজয়ের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মহান মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর ১৯৭১, বিশ্ব মানচিত্রে জন্ম নেয় নতুন এক দেশ বাংলাদেশ। হাতে বন্দুক নিয়ে নয়, স্বাধীন বাংলা ফুটবল দল গড়ে মুক্তিযুদ্ধে লড়েছিলেন এ দেশের ফুটবলাররা। স্বাধীনতার ৪৫ বছর পর ইতিহাসে জায়গা করে নেওয়া স্বাধীন বাংলা ফুটবল দলকে নিয়ে শুক্রবারের ‘স্টেডিয়াম’-এর বিশেষ আয়োজন—
স্বাধীন বাংলা ফুটবল দল প্রথম ম্যাচটি খেলে ১৯৭১ সালের ২৫ জুলাই। কৃষ্ণনগরে নদীয়া জেলা দলের বিপক্ষে ম্যাচের আগে শুভেচ্ছা-পতাকা গ্রহণ করছেন অধিনায়ক জাকারিয়া পিন্টু (সাদা পোশাক) l ছবি: সংগৃহীত
স্বাধীন বাংলা ফুটবল দল প্রথম ম্যাচটি খেলে ১৯৭১ সালের ২৫ জুলাই। কৃষ্ণনগরে নদীয়া জেলা দলের বিপক্ষে ম্যাচের আগে শুভেচ্ছা-পতাকা গ্রহণ করছেন অধিনায়ক জাকারিয়া পিন্টু (সাদা পোশাক) l ছবি: সংগৃহীত

‘সেই আনন্দ ভাষায় প্রকাশ করা অসম্ভব। পাগলের মতো লাগছিল। মনে হচ্ছিল, দেশে ফিরে যাই এখনই। পকেটে যা পয়সা ছিল, ওসব তো বাঁচাতাম। পরের দিন কীভাবে চলবে সেই চিন্তা থাকত। বিজয়ের খবর পেয়ে আর কি পয়সা পকেটে থাকে! এক রাতেই আনন্দে সব টাকা খরচ করে ফেললাম।’ ১৬ ডিসেম্বর ১৯৭১-কে স্মৃতির সরণিতে বাঁধেন কাজী সালাউদ্দিন, বাফুফের বর্তমান সভাপতি।
একাত্তরে ঢাকা কলেজের ছাত্র ছিলেন সতেরো বছরের তরুণ সালাউদ্দিন। তাঁর জীবনে অনেক আনন্দময় সময়ের ভিড়ে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সেই দিনটি আলাদা হয়ে আছে। নিজে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ছিলেন। সেই গর্ব তাঁকে ছুঁয়ে যায়। তবে ৪৫ বছর আগের সেই ১৬ ডিসেম্বর দিনটা আজও দোলা দেয় দারুণভাবে।
স্মৃতির ঝাঁপি খুলে সালাউদ্দিনের মনে পড়ে যায়, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের ঠিক আগে বাইরে খেলে কলকাতায় ফেরেন তাঁরা। দুদিন পর আরেক জায়গায় খেলা। সেই খেলার আর দরকার পড়েনি। তার আগেই কলকাতায় বসে হঠাৎ স্বাধীনতার অনির্বচনীয় স্বাদ পেয়ে গেলেন সবাই।
সালাউদ্দিনের কাছে তা ছিল অনন্য অনুভূতি। যা বলতে গিয়ে নিজের কাছে নিজেই হার মানেন, ‘আমি আসলে ওই আনন্দটা গুছিয়ে বলতে পারব না।’ নিজেকে সামলে স্মৃতিটাকে তুলে আনেন এভাবে, ‘১৬ ডিসেম্বর সন্ধ্যার পর খাওয়ার জন্য কায়কোবাদসহ আমরা একটা কম দামি রেস্টুরেন্ট খুঁজছিলাম। রাতের বেলা বম্বিং হওয়ার আশঙ্কায় ব্ল্যাক আউট হতো কলকাতা শহরে। দোকানে দোকানে কুপি ছিল। হঠাৎ দেখি নিউ মার্কেট এলাকার ওদিকটায় সব লাইট জ্বলে উঠল। মনে হলো, ওটাই আমাদের স্বাধীনতার প্রতীকী আলো!’
পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের খবরটা এসে গেছে ততক্ষণে। সালাউদ্দিনের শরীরে রক্ত যেন টগবগ করে উঠল, ‘মুক্ত দেশে ফিরব ভাবতেই খুশিতে নেচে উঠলাম। সেই সময়টা চির অম্লান থাকবে আমার কাছে।’
জাকারিয়া পিন্টু তখন ২৮ বছরের যুবক। বিজয়ের দিনে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন বালুর ঘাটে সেক্টর সেভেনে। ওই ক্যাম্পের প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব বর্তেছিল তাঁর ওপর। ওখানে বসেই বেতারে মুক্ত এক দেশের আগমনী বার্তা কানে আসে তাঁর।
সেই ক্ষণটা শব্দের মালায় গাঁথতে হিমশিম খান পিন্টু, ‘এত উজ্জীবিত ছিলাম যে, বিজয়ের মাহেন্দ্রক্ষণ শেষ না হতেই নওগাঁর বাড়ি ফেরার প্রস্তুতি নিতে থাকি। পরদিনই চলে আসি এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া প্রিয় স্বদেশে।’ এখন তাঁর নাকি মনে হয়, সেই আনন্দময় দিনে আর্জেন্টিনা-ব্রাজিল দলও স্বাধীন বাংলা দলের সঙ্গে খেললে হারত!
অমন জোরালো কণ্ঠস্বর আজও শোনা যায় স্বাধীন বাংলা দলের সবারই। পৃথিবীর ইতিহাসে বিরল ওই দলটির অন্যতম সদস্য নওশেরুজ্জামান। বিজয়ের সেই দিনটির কথা মনে করে তিনিও আপ্লুত, ‘বিকেল থেকে দেখি, কলকাতার বিভিন্ন জায়গায় পটকা ফুটছে। সবাই মিলে আট নম্বর থিয়েটার রোডে যাই, যেখানে বাংলাদেশের সেক্রেটারিয়েট ছিল। আর ওখানে গিয়েই নিশ্চিত হলাম দেশ স্বাধীন হয়ে গেছে।’
তাঁদের আর পায় কে! রাতে সবাই আনন্দে ডুব দিলেন। অন্যদের মতো নওশেরও বাড়ি ফিরতে উদ্গ্রীব হয়ে উঠলেন, ‘আমার বড় ভাই এএফএম বদিউজ্জামান খসরু কলকাতায় আমাদের ক্যাম্পের ফুড ইনচার্জ ছিলেন। তাঁকে বললাম, ভাইজান এখানে আর থাকব না। তারপর আমরা ২১ ডিসেম্বর দেশে এলাম।’
নতুন দেশ তখন লন্ডভন্ড। রাস্তাঘাট কিছু নেই। ক্রীড়াঙ্গন স্তব্ধ। নওশের ভিক্টোরিয়ায় নিজের ক্লাব চত্বরে গিয়ে দেখেন সামনের লনে ঘাসটাস সব মরে গেছে।’ মুন্সিগঞ্জের বাড়িতে গিয়ে উঠলেন চমকে। অসুস্থ মা ছেলেকে দেখে সুস্থ হয়ে গেলেন মুহূর্তেই!
অমলেশ সেনের স্মৃতিতে এমন কোনো ব্যাপার নেই। তবে নানা গল্পের ভিড়ে হারিয়ে ফেলেন নিজেকে। বিজয়ের কাঙ্ক্ষিত ক্ষণে অমলেশ কলকাতায় তাঁর ভাই কমলেশ সেনের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই বেতারে পেলেন তখন পর্যন্ত জীবনের সেরা সুসংবাদটা।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে দাঁড়িয়ে কাল সেসব নিয়ে স্মৃতিচারণা করছিলেন আবাহনীর দীর্ঘদিনের সঙ্গী, ‘একাত্তরের ১৬ ডিসেম্বর ছিল আমাদের বিশ্রাম। দুপুরে ভাইয়ের বাড়িতে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে গেলাম ক্যাম্পে। কী যে আনন্দ লাগছিল, তা বলতে গেলে সময় ফুরিয়ে যাবে।’
ততক্ষণে অনেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। অমলেশ ফিরে তাকান সেই বিজয়ের দিনে, ‘ক্যাম্পে গিয়ে শুনলাম, আমাদের অনেকে ট্রাক ভাড়া করে চলে আসছে স্বাধীন দেশে।’ সেই ফুটবলাররা দেশ স্বাধীন করতেই শুধু ভূমিকা রাখেননি, গর্বিত লাল-সবুজ পতাকা বয়ে বেড়িয়েছেন আরও অনেক বছর।
এই ৪৫ বছরে কত কিছু বদলেছে। বদলায়নি শুধু জাকারিয়া পিন্টু, অমলেশ সেন, নওশেরুজ্জামান, কাজী সালাউদ্দিনদের ওই একটা অনুভূতি—বিজয়ের আনন্দ!