তাঁদের মিল-অমিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেহারায় মিল আছে। দুজনেরই নাদুসনুদুস বিশাল দেহ। দুজনেরই দর্শনীয় গোঁফ আছে। দুজনের মাথায়ই টাক পড়েছে। বয়সও কাছাকাছি। একজন ৬৪, আরেকজন ৬২। তবে সবচেয়ে বড় মিল, কোচের ভূমিকায় দুজনেরই অভিজ্ঞতা-সাফল্যের ভান্ডার পরিপূর্ণ।এতসব মিলের ভিড়ে অমিলটাও চোখে পড়ে সহজেই। একজন খুবই অস্থির প্রকৃতির। ডাগ-আউটে একদণ্ড চুপচাপ বসে থাকতে পারেন না। ম্যাচের শুরু থেকে শেষ—পুরোটা সময় কাটে উত্তেজনা নিয়ে ওঠ-বস আর চেঁচামেচি করে। ধৈর্যের প্রতিমূর্তি হয়ে অন্যজন যেন হয়ে যান ঋষি। ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন তো আছেনই। কখনো যদি উঠে দাঁড়ানও, তো হাত দুখানা ভেঙে বুকে জড়িয়ে ঠায় দাঁড়িয়েই থাকেন। মুখে টুঁ শব্দটি নেই।ফুটবলপ্রেমী মাত্রই বুঝে ফেলার কথা, এই দুজন ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি ও স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। আজ কনফেডারেশনস কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও স্পেন। মারাকানায় মাঠের লড়াইটা নেইমার-ফ্রেড-অস্কারদের সঙ্গে জাভি-ইনিয়েস্তা-তোরেসদের মধ্যেই হবে। তবে দুই কোচের ট্যাকটিক্যাল লড়াইটাও কম কৌতূহল-জাগানিয়া নয়। ১৯৮২ সালে কোচিং ক্যারিয়ার শুরু করা স্কলারি বিশ্বের বিভিন্ন দেশ-ক্লাবে কোচিং করিয়েছেন। জিতেছেনও প্রায় সবকিছুই। ২০০২ সালে ব্রাজিল নিজেদের পঞ্চম বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে এই স্কলারির হাত ধরেই। অন্যদিকে ১৯৮৭ সালে কোচিং শুরু করা দেল বস্কের প্রাপ্তির খাতায়ও সবকিছুই লেখা হয়ে গেছে। রিয়ালের মাদ্রিদের কোচ হয়ে দুবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। ২০০৮ সালে জাতীয় দলের দায়িত্ব নিয়ে তো স্পেনকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। দেশকে পরপর জিতিয়েছেন বিশ্বকাপ ও ইউরো। চ্যাম্পিয়নস লিগ, বিশ্বকাপ ও ইউরো জেতা বিশ্বের একমাত্র কোচ তিনি। দেল বস্কের প্রাপ্তির খাতায় বাদ কেবল এই কনফেডারেশনস কাপ। স্কলারির প্রাপ্তির খাতায়ও মহাদেশীয় সেরাদের এই টুর্নামেন্টের শিরোপাটা নেই। অপ্রাপ্তিটা তাই আজ মুছে ফেলতে চাইবেন দুজনেই। প্রতিপক্ষকে সমীহ করেও স্কলারি যেমন বলছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য অর্জন করেছি। ফাইনালে উঠে সেলেসাও সমর্থকদের ভালো একটা ধারণা দিতে পেরেছি যে আমাদের ভালো একটা দল আছে এবং যারা বিশ্বকাপের ফাইনালেও যেতে পারে। তবে এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য কনফেডারেশনস কাপ জেতা।’ অন্যদিকে ব্রাজিলকে ফেবারিট মেনেও স্পেন কোচ দেল বস্ক বুক বাঁধছেন আশায়, ‘মারাকানায় আমরা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের সমর্থকদের সামনে খেলব। কাজেই আমি বলব, ব্রাজিল ফেবারিট। তবে আমরাও আমাদের সেরাটাই উজাড় করে দেব।’ শেষ পর্যন্ত কার মুখে হাসি ফুটবে, এই প্রশ্নের উত্তর শুধু ফুটবল-বিধাতাই জানেন। তবে যাঁরই উদ্যাপনের উপলক্ষ আসুক, সেটিও বৈশিষ্ট্যমণ্ডিত হয়েই থাকবে। ব্রাজিল জিতলে স্কলারি শূন্যে হাত ছুড়ে লাফালাফি শুরু করবেন। আর স্পেনের সাফল্য হয়তো দেল বস্কের ঠোঁটের কোণে বড়জোর একচিলতে হাসি ফোটাবে। ওয়েবসাইট।