তাঁদের রোম জয়
কত দ্রুতই না উল্টে গেল দান। এ মাসের শুরুতে মাদ্রিদের নীল কোর্টে আক্ষরিক অর্থেই পা হড়কেছিল রাফায়েল নাদালের। বিদায় নিয়েছিলেন আগেভাগেই, রজার ফেদেরারের কাছে হারিয়েছিলেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর জায়গাটি। কিন্তু ফ্রেঞ্চ ওপেনের আগে রোমে এসে প্রিয় লাল কোর্ট পেয়েই যেন জ্বলে উঠলেন নাদাল। ফিরে পেলেন নিজের বিধ্বংসী খেলাও। আর তাতেই নাকাল বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ। কাল বিলম্বিত ফাইনালে এই সার্বিয়ানকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে ষষ্ঠবারের মতো জিতে নিলেন ইতালিয়ান ওপেন। ফেদেরারকে টপকে আবার দুইয়ে এলেন নাদাল।বিশ্বের সেরা দুই তারকার ৩২তম দ্বৈরথটি এক দিন পিছিয়ে গিয়েছিল বৃষ্টিতে। তা নিয়ে হইচই কম হয়নি। ক্ষিপ্ত দর্শকেরা মাঠে পানির বোতল ছুড়ে প্রতিবাদ জানিয়েছিল। পরশু বৃষ্টির কবলে পড়েছিল মহিলা এককের ফাইনালটিও। সেই ম্যাচে বাজে সূচনা, বৃষ্টির বাগড়া দেওয়া, পার্শ্ববর্তী ফুটবল মাঠের দর্শকদের গগনবিদারী চিৎকার-চেঁচামেচি সবকিছুকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো রোমের রানি হলেন মারিয়া শারাপোভা। চীনের লি নাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে (৪-৬, ৬-৪, ৭-৬) ক্যারিয়ারের ২৬তম শিরোপা জিতলেন রুশ তরুণী।ম্যাচের পর শারাপোভা যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন, ‘এটা ছিল পাগুলে এক ম্যাচ। আমরা দুজনের যে কেউ জিততে পারতাম। এখানে সত্যিই কেউ হারেনি।’ এএফপি, রয়টার্স।