তাঁদের শততম ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রীতি ম্যাচের মেলা বসেছিল গত পরশু। সেটিই স্মরণীয় উপলক্ষ হয়ে এল অনেকের জন্য। দেশের পক্ষে শততম ম্যাচ খেলাটা তো তাই-ই। এঁদের মধ্যে সবচেয়ে বিখ্যাত তিনটি নাম রোনালদিনহো, কার্লোস পুয়োল ও অ্যাশলি কোল। ওয়েম্বলিতে একই ম্যাচে ‘সেঞ্চুরি’ পূর্ণ করেছেন রোনালদিনহো ও অ্যাশলি কোল। ম্যাচের আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে ‘১০০’ লেখা বিশেষ একটা জার্সি দেওয়া হয়েছে রোনালদিনহোকে। স্মরণীয় উপলক্ষটাকে অবশ্য একটুও স্মরণীয় করে রাখতে পারেননি রোনালদিনহো। পেনাল্টি মিস করেছেন, মাঠে প্রায় অদৃশ্য হয়ে থাকায় বিরতির সময়ই তাঁকে তুলে নিয়েছেন কোচ। অ্যাশলি কোলকেও তুলে নিয়েছিলেন ইংল্যান্ডের কোচ। এটি আসলেই রোনালদিনহোর শততম ম্যাচ কি না, এটা নিয়ে অবশ্য একটা বিভ্রান্তি আছে। কারণ এই এক শ ম্যাচের হিসাবে সিবিএফ ‘আন্তর্জাতিক’ মর্যাদা না পাওয়া কয়েকটি ম্যাচও সম্ভবত ধরা হয়েছে। কারণ রোনালদিনহোর আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা দেখা যাচ্ছে ৯৫টি। এর আগে ব্রাজিলের হয়ে শততম ম্যাচ খেলার কীর্তি ছিল চারজনের: কাফু, রবার্তো কার্লোস, লুসিও ও ক্লদিও তাফারেলের।তবে বাকিদের ‘সেঞ্চুরি’ নিয়ে কোনো সংশয় নেই। কোলের আগেও ত্রিসিংহের জার্সি গায়ে এক শ ম্যাচ খেলেছেন ছয়জন। স্পেনের পক্ষেও কার্লোস পুয়োলের আগে খেলেছেন আরও ছয়জন। একই ম্যাচে তিন খেলোয়াড়ের ‘সেঞ্চুরি’ও হয়েছে এ দিন। তাঁরা আবার একই দলের। লন্ডনে ক্রোয়েশিয়ার ইয়োসিপ সিমুনিচ, দারিও সেরনা ও স্তাইপে প্লেতিকোসা শততম ম্যাচ খেলতে নেমেছিলেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।