তাঁদের ‘দাবা বাঁচানোর লড়াই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা-কালো ঘুঁটি আর ৬৪টি ঘরের বোর্ড নিয়েই ব্যস্ত থাকার কথা গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেনদের (রাজীব)। কিন্তু কিছুদিন ধরেই খেলা ছেড়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার। দাবাড়ুদের মধ্যে যে বিভক্তি ছিল সেটা ভুলে সবাই মিলেছেন এক মোহনায়।কাল জাতীয় প্রেসক্লাবে দাবাড়ুদের সমর্থিত পরিষদের সংবাদ সম্মেলনের ব্যানারেও তাই থাকল ঐক্যের বাণী, ‘মিলেছি আমরা এক রেখাতে।’ পাঁচ গ্র্যান্ডমাস্টার এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সমর্থিত দাবাড়ুরা এক কাতারে দাঁড়িয়ে একটাই আবেদন করছেন, ‘দাবা বাঁচান।’ আড়াই বছর ধরে দাবায় বিরাজ করছে অস্থিতিশীল পরিবেশ, ৩১ মের নির্বাচনে জিতে এরা তাই গতি আনতে চান দাবায়। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের ভাষায় দাবায় ‘বহিরাগত’ ঢুকে পড়েছে। এই বহিরাগতদের হাত থেকে দাবাকে বাঁচাতেই তাঁদের নির্বাচনে আসা, ‘দাবায় কিছু বহিরাগত এসেছে। ফোরাম এই বহিরাগতদের গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা করছে। এরা নিজ নিজ ক্ষেত্রে সম্মানিত ব্যক্তি। ব্যক্তিগতভাবে এদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তবে দাবায় এরা কি উন্নতি করতে পারবে?’ উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টারের কাছে এই নির্বাচন তাই চ্যালেঞ্জ, ‘দাবার নির্বাচনে আমরা জিতলে আমরাই জিতব। কিন্তু আমরা হারলে দাবা হারবে।’ নিয়াজকে সমর্থন করে রিফাত বিন সাত্তার বললেন, ‘দাবার নির্বাচনে ফোরাম থেকে যারা এসেছে এদের সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতা নেই। এরা বিশ্ব অঙ্গনে গিয়ে দাবা নিয়ে কথা বলতে পারবে না। বাধ্য হয়েই আমরা এক কাতারে দাঁড়িয়েছি।’ সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার কায়েস হাসানের অভিযোগ, ‘আমাদের গায়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের নই। ফোরাম ক্ষমতার অপব্যবহার করছে।’ সব লোভ ও ভয়ভীতির ঊর্ধ্বে উঠে ভোটাররা দাবাসংশ্লিষ্টদের পক্ষেই ভোট দেবেন, এমনই প্রত্যাশা তাঁর। নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেছে দাবাড়ুদের সমর্থিত পরিষদ।