তাঁদের 'রাগবি-আনন্দ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষকে ছিটকে ফেলে ছুটে চলেছেন সেনাবাহিনীর এক খেলোয়াড়। কাল জাতীয় রাগবির ফাইনালে l প্রথম আলো
প্রতিপক্ষকে ছিটকে ফেলে ছুটে চলেছেন সেনাবাহিনীর এক খেলোয়াড়। কাল জাতীয় রাগবির ফাইনালে l প্রথম আলো

ফুটবল বা ক্রিকেট কিছু একটা হলেই চলবে। ব্যস, অমনি পল্টন আউটার স্টেডিয়ামের চারপাশে ভিড় জমে যাবে উৎসুক ভ্রাম্যমাণ দর্শকের। কাল দর্শকসংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে হলো দ্বিগুণ। ওদের চোখেমুখে আনন্দের চেয়ে বিস্ময়ই থাকল বেশি। ওয়ালটন চতুর্থ জাতীয় রাগবির ফাইনালটা যে তাদের মুগ্ধ করেছে—সেটা বোঝাচ্ছিল একটু পরপর দেওয়া তাদের উল্লাসধ্বনি।
বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হলেও বাংলাদেশে রাগবির পথচলা গত কয়েক বছরের। অপ্রচলিত এই খেলাটির বিজয় দিবস, স্বাধীনতা দিবস, স্কুল টুর্নামেন্টের আয়োজন নিয়মিতই হচ্ছে। এবার চতুর্থবারের মতো হলো জাতীয় প্রতিযোগিতা। কালকের একপেশে ফাইনালে নড়াইলকে ৪৪-১০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হলো সেনাবাহিনী। তবে সেরা খেলোয়াড় নড়াইলের অধিনায়ক জসীম মোল্লা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিজ্ঞান বিভাগের ছাত্র রানার্সআপ হয়েও খুশি, ‘এমনিতেই আমাদের খেলোয়াড়-সংকট। রক্ষণভাগ জমাট ছিল না। তবে ফাইনালে উঠতে পেরেই আমরা খুশি।’ জসীম সত্যিকারের এক অলরাউন্ডার। ফুটবল, বাস্কেটবল ও হ্যান্ডবল খেলেন। দ্বিতীয় বিভাগের দল বিজি প্রেসের তরুণ স্ট্রাইকার ফুটবলের চেয়ে রাগবিতেই বেশি মজেছেন, ‘একবার কেউ বুঝতে পারলে সে রাগবি ছাড়তেই চাইবে না। টেলিভিশনে রাগবি দেখেই এই খেলায় আগ্রহী হয়ে উঠি।’ চ্যাম্পিয়ন সেনাবাহিনীর অধিনায়ক রাজীব শেখ জয়ের পুরো কৃতিত্ব দিলেন দলের সবাইকে। ফেডারেশন কাপ, বিজয় দিবসের পর জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পেরে খুবই খুশি রাজীব, ‘এই খেলার প্রতি আমাদের সেনাবাহিনী-প্রধান স্যার বেশি আগ্রহী ছিলেন। উনার অনুপ্রেরণায় গত জুন থেকে অনুশীলন শুরু করি। প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে।’ দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় এমদাদ আগে ভারোত্তোলন করতেন। কিন্তু রাগবির সামরিক কোচ হিসেবে তাঁকে নিয়োগ দেয় সেনাবাহিনী। রাগবি এতটাই টেনেছে তাঁকে যে প্রশিক্ষণ নেওয়ার পর নিজেই নেমে গেছেন খেলতে!