তাঁদের ‘হ্যাটট্রিক’
‘ঘানার যদি একজন ডিয়েগো ফোরলান থাকত, তাহলে ওরা হয়তো বিশ্ব চ্যাম্পিয়নই হয়ে যেত’—ইএসপিএনের ধারাভাষ্যকারের এই দাবির সঙ্গে দ্বিমত করার মতো খুব বেশি কাউকে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাবে না। একজন খেলোয়াড় একটি দলে কতটুকু প্রভাব ফেলতে পারে, তাঁর উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন ফোরলান এই বিশ্বকাপে। নিজে দুর্দান্ত খেলেছেন প্রতিটি ম্যাচেই, এতে উজ্জীবিত হয়েছে দলও। বিশ্বকাপের আগে হিসেবের মধ্যে না থাকা উরুগুয়ে এখন শেষ চারে।গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিতে ম্যাচ-সেরা হয়েছিলেন। পরশুও তিনিই ম্যাচ-সেরা। অসাধারণ এক গোল করে সমতায় ফিরিয়েছেন দলকে। পরে গোল করেছেন টাইব্রেকারেও। এই স্ট্রাইকার অবশ্য বরাবরের মতোই বিনয়ী, ‘আমি জানতাম আমাকে গোল করতে হবে, গোল ছাড়া অন্য কিছু মাথায় ছিল না।’প্রতিটি ম্যাচেই অসাধারণ খেলেছেন, গোল্ডেন বলের পাশাপাশি তিন গোল করে এখন আছেন গোল্ডেন বুটের দৌড়েও। ফোরলান অবশ্য নিজের চেয়ে দলের সাফল্য নিয়েই বেশি রোমাঞ্চিত, ‘আমরা এখন বিশ্বের সেরা চার দলের একটি। এটা এমন একটা অর্জন, আমি আসলে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। অদ্ভুত অনুভূতি...।’ ঘানার বিপক্ষে পুরো ম্যাচে দাপটে খেলেছেন, কিন্তু একটা মুহূর্তে গিয়ে ফোরলানও নার্ভাস হয়ে পড়েছিলেন—টাইব্রেকার। শুনুন তাঁর মুখেই, ‘একেকটি শটের সঙ্গে সঙ্গে আমার শরীর যেন নিস্তেজ হয়ে আসছিল। সেবাস্তিয়ান (আব্রুই) যখন শেষ শটটি নিতে যাচ্ছিল, কেউ একজন বলছিল, “ও পারবেই”, আর আমি বিড়বিড় করছিলাম “মিস কোরো না, মিস কোরো না”।’ফোরলানের আগেই অবশ্য পরশু ‘হ্যাটট্রিক’ করেছেন আরও একজন। স্কোরশিট হয়তো বলছে একটি গোল আত্মঘাতী, কিন্তু ব্রাজিলের বিপক্ষে হল্যান্ডের দুটো গোলই তো আসলে ওয়েসলি স্নাইডারের। প্রথমার্ধে মাঠে তাঁকে খুব একটা খুঁজেই পাওয়া যায়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে এমন খেললেন যে হয়ে গেলেন ম্যাচ-সেরা। এর আগে দুবার হয়েছিলেন, তিনবার ম্যাচ-সেরা হয়ে স্নাইডার এখন ফোরলান, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও জাপানের কেইসুকে হোন্ডার পাশে। ফোরলানের মতো তাঁরও গোল তিনটি, তিনিও আছেন গোল্ডেন বুট ও বলের লড়াইয়ে। সেমিফাইনালেই মুখোমুখি হচ্ছেন দুজন, দলের লড়াইয়ের মতো দারুণ জমবে ব্যক্তিগত লড়াইটাও।