তাঁদেরও ফেবারিট নিউজিল্যান্ড
বিশ্বকাপ শুরুর আগে থেকেই ফেবারিট ভাবা হচ্ছিল তাদের। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই কোয়ার্টার ফাইনালে গেছে নিউজিল্যান্ড। কিউইদের শিরোপার দাবিদার ভাবছেন, এমন বোদ্ধাদের তালিকাটা দীর্ঘই হচ্ছে। সর্বশেষ যে তালিকায় যোগ দিয়েছেন ভিভ রিচার্ডস, ইয়ান বোথাম ও রিকি পন্টিং।
১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপজয়ী ভিভ রিচার্ডস বলছেন, এখনকার খেলাটা চালিয়ে যেতে পারলে কিউইরা অপরাজিত চ্যাম্পিয়নই হতে পারে, ‘তারা বেশিই ভালো খেলছে। আমার সব সময়ই মনে হয়, গ্রুপ পর্বে একটু বাধা আসা ভালো। তাহলে পরের রাউন্ডে সঠিক পথে ফেরা যায়। তবে প্রার্থনা করুন। এখন এমন সময় দাঁড়িয়েছে, আপনি যত খেলবেন, ততই জিতবেন। এটা আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আপনি তখন না হেরেই শেষ করতে পারবেন।’
আর ইংলিশ কিংবদন্তি বোথাম কিউইদের কমপক্ষে ফাইনালে দেখছেন, ‘আমার মনে হয় তাদের সবচেয়ে বড় পরীক্ষাটা আসবে ফাইনালে। আমি তাদের ফাইনালে আশা করি...মনে হয় অস্ট্রেলিয়ার বিপক্ষেই। আসল পরীক্ষা সেখানেই। তবে তারা সেখানে গিয়েও কেন জিতবে না, এটিই এখনো বুঝতে পারছি না।’
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের মতে, ব্রেন্ডন ম্যাককালাম নেতৃত্ব নেওয়ার পরই বদলে গেছে সব, ‘আমার দেখা সবচেয়ে ভারসাম্যপূর্ণ নিউজিল্যান্ড দল এটিই। ব্রেন্ডন দায়িত্ব নেওয়ার পর এই দল অনেকটা পথ পেরিয়ে এসেছে। দলের কাঠামোটা এখন সব দিক দিয়েই সঠিক মনে হচ্ছে।’ আইএএনএস।