তাঁর আরেক নাম ‘অ্যাভাটার’!
‘উচ্চতা আসলে ৬ ফুট ৭ আর ৮ ইঞ্চির মাঝামাঝি; তবে আমি সাত ইঞ্চিই বলি, না হলে সবাই ভাবে আমি বোধহয় মিথ্যে বলছি’—শুরুতেই উচ্চতা নিয়ে ব্যাখ্যার কারণ, স্টিভেন ফিন যে চট্টগ্রাম টেস্ট খেলছেন, এর কারণ তো এই উচ্চতাই! উচ্চতার জন্য স্বাভাবিকভাবেই পান বাড়তি বাউন্স, আর কে না জানে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বড় দুর্বলতা এটাই। তাঁর শক্তি আর বাংলাদেশের দুর্বলতা মিলে গেল বলেই তো জেমস ট্রেডওয়েলের টেস্ট ক্যাপটা শেষ মুহূর্তে উঠল ফিনের মাথায়।টেস্ট অভিষেকে খুব নজরকাড়া কিছু অবশ্য করতে পারেননি। প্রথম ইনিংসে নিতে পেরেছেন শুধু শাহাদাতের উইকেটটাই। দ্বিতীয় ইনিংসেও এখন পর্যন্ত একটিই উইকেট। সেটি টপ-অর্ডার ব্যাটসম্যানের, লাঞ্চের ঠিক আগে একটু লাফিয়ে উঠে বেরিয়ে যাওয়া বলেই আউট করেছেন ইমরুল কায়েসকে। তবে সাফল্য তেমন না পেলেও এই মরা উইকেটেও গতি ও বাউন্সে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভালোই ঝামেলায় ফেলেছেন। ইংলিশ মিডিয়া এতেই এমন সন্তুষ্ট যে, স্টিভ হার্মিসনের বিকল্প এসে গেছে নাচানাচি শুরু হয়ে গেছে। অতি উত্সাহী কেউ কেউ তো আগেই বলে দিয়েছেন, ফিন হতে পারেন ‘ইংল্যান্ডের কার্টলি অ্যামব্রোস!’টেস্টের আগেই টিম ম্যানেজমেন্ট তাঁকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে, কেন তাঁকে দলে নেওয়া। ইংল্যান্ডের আক্রমণে তাঁর বলের বাড়তি বাউন্সটা যোগ করাই ফিনকে দলে নেওয়ার কারণ। শেষ দিনে এটিকেই কাজে লাগাতে চান তিনি, ‘নতুন বলটা মাত্র পাঁচ ওভার দূরে। শক্ত বলে বাউন্সটা একটু বেশিই পাব আমরা, আর বাংলাদেশের ব্যাটসম্যানরা তো এটাতেই নড়বড়ে।’নয়-দশ বছর বয়স থেকেই টেস্ট ক্রিকেটের স্বপ্ন দেখে আসছেন। তবে এত তাড়াতাড়ি তা পূরণ হয়ে যাবে বলে ভাবেননি। ফিনের ক্যারিয়ার-গ্রাফ দেখলে অবশ্য এটাই স্বাভাবিক বলে মনে হবে। ২০০৫ সালে মিডলসেক্সে অভিষেকের সময় বয়স ছিল মাত্র ১৬। ১৯৪৯ সালে ফ্রেড টিটমাসের পর মিডলসেক্সে এত কম বয়সে অভিষেক হয়নি আর কারও। অনূর্ধ্ব-১৬ থেকে শুরু করে খেলেছেন ইংল্যান্ডের বয়সভিত্তিক সব দলেই। শুরু থেকেই নজর কেড়েছিলেন, গত মৌসুমে কাউন্টিতে ৫৩ উইকেট নেওয়ার পর চলে আসেন জাতীয় নির্বাচকদের রাডারেও। গত মাসে ইংল্যান্ড লায়ন্সের হয়ে দুবাইয়ে খেলেছেন পাকিস্তানের বিপক্ষে। এরপর অনিয়নস-সাইডবটমদের ইনজুরির কল্যাণে বাংলাদেশে। তারপরও মাত্র ২০ বছর বয়সে ইংল্যান্ডের কোনো ক্রিকেটারের টেস্ট অভিষেক, বিশেষ করে কোনো পেসারের—বিরল ঘটনাই। ফিনের নিজের কাছেই তা খানিকটা বিস্ময় হয়েই এসেছে, ‘দশ দিন আগেও ভাবিনি আমি এত তাড়াতাড়ি টেস্ট ক্রিকেট খেলব। ইংল্যান্ড লায়ন্সের হয়ে দুবাই খেলতে গেলাম, ইংল্যান্ডের কোনো দলে এই প্রথম সুযোগ পাওয়া। এরপর দলে ডাক পেয়ে এখানে প্রস্তুতি ম্যাচ, তারপর তো টেস্টই খেলে ফেললাম।’গতি-বাউন্সের সঙ্গে ফিন আলোচনায় এসেছেন মানসিকতার জন্যও। ২০০৮ সালে সাবেক ইংল্যান্ড ওপেনার নিক নাইট একটি রেটিংয়ে তাঁকে টেম্পারামেন্টে দিয়েছিলেন দশে আট, মানসিকতায় নয়! কোনো এজেন্টের মাধ্যমে না এসে মিডলসেক্সে সাইন করার সময় নিজেই আলোচনা করে অবাক করে দিয়েছিলেন ক্লাবটির কর্তা সাবেক পেসার অ্যাঙ্গাস ফ্রেজারকে। দলে আপন হতে শুরু করেছেন। গ্রায়েম ‘দ্য জোকার’ সোয়ান একটা ডাকনাম খোঁজা শুরু করেছেন। জেমস ক্যামেরনের দুনিয়া কাঁপানো ছবি ‘অ্যাভাটার’ দেখে আপাতত নাম দেওয়া হয়েছে ‘অ্যাভাটার’। যদিও কারণটা বুঝতেই পারছেন না ফিন, অ্যাভাটারের সঙ্গে নিজের চেহারার কোনো মিল তিনি নিজে অন্তত পাচ্ছেন না। উচ্চতার তুলনায় শরীরটা হয়তো লিকলিকে, তবে তাঁর দাবি, ‘বছর তিনেক আগে আমি তো ছিলাম একবারে হাড্ডিসার, মনে হতো হাড়ের ওপর স্রেফ চামড়াটাই আছে। এখন তো তবু গায়ে কিছু মাংস লেগেছে! আশা করি, এখন আরও লাগবে।’শুধু শরীরের মাংস লাগালেই চলছে না, ইংল্যান্ডের প্রত্যাশা পূরণের দায়ও চেপে বসেছে তাঁর কাঁধে। আসন্ন অ্যাশেজ সিরিজ মাথায় রেখেই ফিনকে এখানে নামিয়ে দেওয়া। সংবাদ সম্মেলনে ‘ব্রিসবেন-পার্থ’ প্রসঙ্গ পর্যন্ত চলে এল এ কারণে। অ্যাশেজে ভালো করলে করুন, এই সিরিজে না করলেই হয়!