তাঁর আরেকটি গর্বের দিন

চ্যাম্পিয়ন না হোক, রানারআপ তো! এটাই বা কম কী! কাল কুর্মিটোলা গলফ ক্লাবে কথাটা ফিরল সবার মুখে মুখেই। দেশে এশিয়ান ট্যুরে তাঁর সেরা সাফল্যে সিদ্দিকুর রহমান খুব আপ্লুত।
চোট, আঘাত এবং নানা সমস্যা পেরিয়ে ধারাবাহিকভাবে তিনটি দিন ভালো খেললেন। কখনো কখনো নিজের দুই একটি শটে নিজেও নাকি মুগ্ধ হয়েছেন। তাই বসুন্ধরা বাংলাদেশ ওপেনের শেষ দিনে রানারআপ ট্রফিটা নেওয়ার আগে বললেন, ‘আমি অনেক খুশি। প্রথম দিনটা ভালো ছিল না। তবে সেখান থেকে ভালোভাবে ফিরে এসেছি। এটা দেশের মাটিতে আমার জন্য খুব ভালো সাফল্য। খেলাটাও অনেক ভালো হয়েছে।’
এই যে এত দর্শক আগ্রহ, এটি চাপ তৈরি না করে পারেই না। তবে সিদ্দিকুর বলছেন স্নায়ুটাকে তিনি ধীরস্থিরই রাখতে পেরেছেন, ‘শেষ দিনে চাপ অনুভব করিনি। বরং অনুপ্রেরণা পেয়েছি বলে আরও ভালো খেলেছি।’ ১০-১১ নম্বর হোল পর্যন্ত শিরোপার আশাটা ধরে রেখেছিলেন, শেষ পর্যন্ত রানারআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। এতেও খারাপ লাগছে না সিদ্দিকুরের, ‘এই কোর্স আমার চেনা। এখানে রানার্সআপ হওয়াও অনেক বড় ব্যাপার।’
প্রথম দিনে ট্রিপল বগি করেছেন। বল লাগে গাছে। অনেকে ওই শটটার অন্য আফসোস করেন। তবে সিদ্দিকুরের ওটা নিয়ে নাকি কোনো হতাশা নেই, ‘ওটা আমি মনেই রাখিনি। আজ একটা খারাপ শট খেলেও বার্ডি পেয়েছি সাত নম্বর হোলে। সব মিলিয়ে দারুণ একটা দিন কাটালাম।’
২০১০ সালে ব্রুনাই ও ২০১০ দিল্লিতে এশিয়ান ট্যুর জয়ের সুখস্মৃতিটাও মনে রেখেছেন সিদ্দিকুর। কিন্তু তৃতীয় শিরোপার কাছ থেকে ফিরে এলেও আফসোস তাঁর নেই। বরং প্রতিপক্ষকে ভিজিয়েছেন প্রশংসায়, ‘জাজও অনেক ভালো খেলেছে। ওকে অভিনন্দন জানাই। ট্রফিটা ওরই প্রাপ্য।’ জাজ ট্রফি নিয়ে প্রশংসায় মাতেন কুর্মিটোলা গলফ ক্লাবের। বারবারই বলেন, ‘আমি সত্যিই এই কোর্সটাকে আজীবন মনে রাখব। অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পেরেছি এখানে এসে।’
সিদ্দিকুরের আবেগটা তো আরও বেশি। এই কোর্সে একসময় বলবয় ছিলেন। সেখান থেকে এশিয়ান গলফের শীর্ষ পর্যায়ে পৌঁছেছেন। তাঁর মাধ্যমে বাংলাদেশও জায়গা করে নিয়েছে গলফের মানচিত্রে। সিদ্দিকুর মানেই যেন বাংলাদেশের গলফ। বাবা-মা ও স্ত্রী—কাল পুরো পরিবার ছিলেন গর্বিত সিদ্দিকুরের পাশে। এ সময় খুব খুশি লাগছিল তাঁকে। খুশির আমেজে সিদ্দিকুর আজই বেরোচ্ছেন আরেকটি মিশনে। এবার গন্তব্য মালয়েশিয়া।