তাঁর আরেকটি পুরস্কার
গুচ্ছ গুচ্ছ রেকর্ড, পদক আর স্বীকৃতির ভিড়ে শচীনের অপ্রাপ্তি—বিশ্বকাপ জিততে না পারা। এই অপ্রাপ্তির বেদনায় বহু দীর্ঘ নিঃশ্বাস পড়েছে তাঁর। টেন্ডুলকার আরেকবার উগরে দিলেন তাঁর ব্যথাটাকে। অপ্রাপ্তি ঘোচাতে এবার দেশের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ লিটল মাস্টারকে দিচ্ছে শেষ সুযোগ, ‘আমি একটা কিছু জিততে চাই। এবং প্রত্যেকেই জানে সেটা কী।’পরশু এই কথাগুলো তিনি বলেছেন মুম্বাইয়ের উপনগরস্থ এক পাঁচতারা হোটেলে ক্যাস্ট্রলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ওই পুরস্কারের রাতটিকে অবশ্য ‘টেন্ডুলকার সন্ধ্যা’ বলাই ভালো! অনুষ্ঠানের মূল আকর্ষণ ‘ক্যাস্ট্রল ভারতের বর্ষসেরা ক্রিকেটার’ পদক তো পেলেনই, স্ত্রী অঞ্জলিকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যাওয়া টেন্ডুলকার মঞ্চে উঠলেন আরও দুবার।অধরা বিশ্বকাপ জেতার স্বপ্নের কথা বলতে গিয়ে টেন্ডুলকার ব্যবহার করেছেন একটা রূপক, ‘আমরা যখন এক নম্বরে পৌঁছাই, অনেকেই ভেবেছিল এই মুকুট আমরা ৩০-৪০ দিনের মধ্যেই হারাব। এক বছরের বেশি হয়ে গেল এবং আমরা এখনো শীর্ষেই আছি। গোটা দলের সম্মিলিত চেষ্টাতেই এটি সম্ভব হয়েছে।’বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—এই দুটি পদকের সঙ্গে টেন্ডুলকারকে দেওয়া হয় ‘৫০তম টেস্ট সেঞ্চুরি’র জন্য বিশেষ পদক। বর্ষসেরা ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ, টেস্টে ‘২০০তম’ ক্যাচের মাইলফলক ছোঁয়ায় রাহুল দ্রাবিড়কে দেওয়া হয় বিশেষ পুরস্কার। ২০০৯ সালের পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া এই পুরস্কারের রাতে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বর্ষসেরা বোলার হরভজন সিং। বর্ষসেরা তরুণ ক্রিকেটারের পদক পেয়েছেন জয়দেব উনাদকাট। ১৯৮৩ বিশ্বকাপ জয়ের পথে সেমিফাইনাল ও ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ অলরাউন্ডার মহিন্দর অমরনাথকে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা। ওয়েবসাইট।