তাঁর একমাত্র অতৃপ্তি
অনেকের চোখেই তিনি টেনিসে সর্বকালের সেরা, তবে বড় একটা অতৃপ্তিও কিন্তু আছে রজার ফেদেরারের। প্রায় সব পাওয়ার ক্যারিয়ারেও যে অলিম্পিকে শ্রেষ্ঠত্বটা প্রমাণ করতে পারেননি। লন্ডন অলিম্পিকে এই অতৃপ্তির শেষ টানতে চান ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক, ‘চাপটা এখানে অন্য রকম। কারণ, তিন সেটেই আপনার ভাগ্য নির্ধারিত হবে। স্রেফ পাঁচটি মিনিট আপনার পক্ষে না গেলেই শিরোপাটা ফসকে যাবে।’অলিম্পিকে তাঁর সেরা সাফল্য ২০০০ সিডনিতে, চতুর্থ হয়েছিলেন সেবার। ২০০৪ এথেন্সে টমাস বার্ডিচের কাছে দ্বিতীয় রাউন্ডেই হেরে যান, ২০০৮ বেইজিংয়ে জেমস ব্লেকের কাছে হারেন কোয়ার্টার ফাইনালে। বেইজিং থেকে অবশ্য একেবারে শূন্য হাতে ফিরতে হয়নি তাঁকে, স্ট্যানিস্লাস ওয়ায়ারিঙ্কাকে সঙ্গী করে সোনা জিতেছিলেন দ্বৈতে। এককে সোনা জয়ের তীব্র ইচ্ছার পরও সেই সোনাটিই নির্ভার রাখছে তাঁকে, ‘আমি খুব নির্ভার অবস্থায় অলিম্পিকে যাচ্ছি। আমি এটাকে মোটেই “জিততেই হবে” জাতীয় কিছু মনে করছি না। বেইজিংয়ে দ্বৈতের সোনাটি না জিতলে আমি হয়তো আরেকটু বেশি চাপ বোধ করতাম।’ এএফপি।