তাঁর গোলই বিশ্বকাপের সেরা
ব্রাজিল বিশ্বকাপ হামেস রদ্রিগেজকে দুহাত ভরে দিয়েছে। রাতারাতি তারকাখ্যাতিই শুধু নয়, সর্বোচ্চ ৬ গোল করে কলম্বিয়ান তরুণ জিতেছেন গোল্ডেন বুট। এবার ফিফাডটকমের পাঠকদের ভোটে উরুগুয়ের বিপক্ষে করা তাঁর সেই ভলির গোলটি পেয়ে গেল টুর্নামেন্টের সেরা গোলের স্বীকৃতিটাও। উরুগুয়ের সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ২৮ মিনিটে বক্সের অনেক বাইরে থেকে অবিশ্বাস্য সেই গোলটি করেন তিনি।উড়ে আসা বল বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের দুর্দান্ত ভলি। ক্রসবারের ঠিক নিচ দিয়ে ঢুকে যায় জালে। উরুগুয়ের গোলরক্ষক মুসলেরা লাফিয়ে উঠে ফিস্ট করার চেষ্টা করেও ব্যর্থ। কলম্বিয়া এগিয়ে যায় ১-০ গোলে। ৪০ লাখের বেশি পাঠক টুর্নামেন্টের সেরা গোল হিসেবে বেছে নিয়েছে রদ্রিগেজের এই গোলটিকেই। তাঁর গোলটি হারিয়ে দিয়েছে স্পেনের সঙ্গে রবিন ফন পার্সির সেই ডাইভিং হেডের গোলটিকে।
এ নিয়ে টানা তিনটি বিশ্বকাপে সেরা গোলের স্বীকৃতি পেলেন দক্ষিণ আমেরিকার খেলোয়াড়েরা। মজাটা হলো, ২০০৬ বিশ্বকাপের সেরা গোলের মালিকের নামও রদ্রিগেজ! মেক্সিকোর সঙ্গে দ্বিতীয় রাউন্ডেই আর্জেন্টিনার ম্যাক্সি রদ্রিগেজের গোলটি সেরা হয়েছিল সেবার। ২০১০ বিশ্বকাপে সেরা গোল নির্বাচিত হয় জার্মানির সঙ্গে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উরুগুয়ের ডিয়েগো ফোরলানের গোলটি। ফিফাডটকম।