তাঁর চোখে দলের স্বপ্ন
দলের জন্য আত্মত্যাগের বড় উদাহরণ তাঁরই গড়া। বহিষ্কৃত হবেন জেনেও গত বিশ্বকাপে গোলমুখ থেকে হাত দিয়ে বল ঠেকিয়েছিলেন লুইস সুয়ারেজ। ঘানার বিপক্ষে শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে উরুগুয়ে চলে গিয়েছিল সেমিফাইনালে। সেই সুয়ারেজ এখন বলছেন, কোপা আমেরিকা জিততে হলে দলের প্রত্যেক খেলোয়াড়কে উজাড় করে দিতে হবে নিজেকে। এই ম্যাচে সুয়ারেজের ব্যক্তিগত একটা লক্ষ্য থাকছে। টুর্নামেন্টে তিনটি করে গোল করে সার্জিও আগুয়েরোর সঙ্গে তিনিও যৌথ সর্বোচ্চ গোলদাতা। আর একটা গোল করতে পারলে গোল্ডেন বুটটা তাঁরই হয়ে যায়। তবে ব্যক্তিগত কোনো লক্ষ্য নয়, সবার আগে দল। আর এ জন্য চাই একতা। সুয়ারেজ মনে করিয়ে দিলেন সেটি। জানালেন, দল বিশ্বকাপের মতো উজ্জীবিত হয়ে লড়াই করছে মাঠে, ‘বিশ্বকাপের আগে ও বিশ্বকাপের সময় দলের মানসিকতা যেমন ছিল, এখন তেমনই আছে।’গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট উরুগুয়ে যে এবার দারুণ দাপট দেখিয়ে ফাইনালে উঠেছে, তা কিন্তু নয়। বরং ভাগ্যগুণে প্রথম ম্যাচে পেরুর সঙ্গে ড্র করেছিল। চিলির সঙ্গেও ড্র করেছে ১-১ গোলে। তরুণ মেক্সিকোর সঙ্গে জিতেছে ন্যূনতম ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে গোলরক্ষকের বীরত্বে। কেবল সেমিফাইনালেই উরুগুয়েকে মনে হয়েছে উরুগুয়ে।সুয়ারেজ জানালেন, দক্ষিণ আমেরিকার বাকি দলগুলোও এখন অনেক শক্তিশালী, ‘এবারের কোপা আমেরিকায় সবগুলো দলই তুলনামূলক অনেক কাছাকাছি শক্তির। তা ছাড়া এক ম্যাচের পর আরেক ম্যাচের মধ্যে বিরতি কম ছিল বলে আমরাও ভুলগুলো শুধরে নিতে যথেষ্ট সময় পাইনি।’ফোরলানকেও ঠিক বিশ্বকাপের ফর্মে এখনো দেখা যায়নি। গোলের দেখা এখনো পাননি টুর্নামেন্টে। ফোরলানের গোলখরা বিশ্বকাপের পর থেকেই চলছে। দলের জয়টাই আসল মনে করিয়ে দিয়ে সুয়ারেজ বলছেন, ‘শেষ পর্যন্ত কে গোল করল এটা গুরুত্বপূর্ণ নয়।’ জানালেন, ‘সর্বোচ্চ গোলদাতা হওয়ার আমার লক্ষ্য নয়। মূল লক্ষ্য দলের সম্মিলিত স্বপ্নটাই—কোপার শিরোপা জেতা। ব্যক্তিগত লক্ষ্য আসবে এর পর।’উরুগুয়ের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিরোপা। দুবারের বিশ্বকাপ আর অলিম্পিক চ্যাম্পিয়ন উরুগুয়ে যৌথ সর্বোচ্চ ১৪ বার কোপা আমেরিকা জিতেছে ঠিকই, কিন্তু সর্বশেষ সেটি এসেছে ১৯৯৫ সালে। সুয়ারেজও জানালেন, ‘অতীতে আমরা কী জিতেছি না-জিতেছি এ নিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে লাভ নেই। কিন্তু এখন আমরা বর্তমান নিয়ে ভাবছি। অতীতের অর্জন আর অতীতের শিরোপা জয় নিয়ে এখনো মেতে থাকা মানে সময় নষ্ট।’অতীত নয়, বর্তমান ও ভবিষ্যতের দিকেই চোখ তাদের। উরুগুয়ের ফুটবল আবারও মাথা তুলে দাঁড়াচ্ছে বলে মনে করেন লিভারপুলের এই স্ট্রাইকার, ‘অনূর্ধ্ব-২০ দল লন্ডন অলিম্পিকের জন্য কোয়ালিফাই করেছে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আমাদের দলটি রানার্সআপ হয়েছে। বিশ্বকাপে আমরা চতুর্থ হয়েছি। আর এবার কোপার ফাইনালে উঠেছি।’ রয়টার্স, এএফপি।