তাঁর জন্য আক্ষেপের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা-মা বড় শখ করে তাঁর নাম রেখেছিলেন ‘ভিক্টর’। মানে বিজয়ী। নামের সার্থকতা তিনি প্রমাণ করেছেন ঠিকই, কিন্তু গণ্ডিটা ক্লাব ফুটবলে। একটা জায়গায় এসে ভিক্টর ভালদেস ঠিকই পরাজিত। জাতীয় দলের গোলপোস্টের নিচে জায়গা হচ্ছে না তাঁর। হবে কী করে, জন্মেছেন যে বড় ভুল সময়ে। বিশ্বে এই মুহূর্তের অন্যতম সেরা গোলরক্ষক তো তাঁর দেশেরই। ইকার ক্যাসিয়াস। জাতীয় দলের অধিনায়কের বাহুবন্ধনীও পরেছেন ক্যাসিয়াস। প্রায় পিঠোপিঠি বয়সের হলেও ক্যাসিয়াস যেখানে এরই মধ্যে জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলে ফেলেছেন, ভালদেসের ম্যাচের সংখ্যা...একটিও না! অভিষেকই হয়নি তাঁর! অথচ বার্সেলোনার ইতিহাসে সফলতম গোলরক্ষক তিনিই। গত বছরের শিরোপা ষষ্ঠকের অন্যতম কারিগরও।ক্যাসিয়াস যদি খেলতে পারেন ভালদেস কেন নয়? প্রশ্নটা স্পেনের অনেকেই করেছে। বিশেষ করে কাতালানরা তো বটেই। তাদের ঘরের ছেলেকে এখনো জাতীয় দলে না ডাকার পেছনে সেই চিরকালীন কাতালান বনাম মাদ্রিদের রাজনৈতিক রেষারেষিও খুঁজে পাচ্ছে কেউ কেউ। কিন্তু কোচ ভিসেন্তে দেল বস্ক করবেনটা কী? দুজন স্ট্রাইকার খেলানো যায়, দুজন মিডফিল্ডার কিংবা চারজন ডিফেন্ডার। গোলপোস্টের নিচে তো আর দুজন রাখার বিধান নেই!দেল বস্কের জন্য সমস্যাটা একই সঙ্গে তাই যন্ত্রণার এবং মধুর। ৪৪ বছর পর ইউরোপ-সেরা হওয়া দলটির কোচ স্বীকার করেছেন, ভালদেসের যে ফর্ম, তাতে চাইলে বিশ্বের অন্য যেকোনো সেরা দলে অনায়াসে জায়গা করে নিতে পারেন। কিন্তু স্পেন জাতীয় দলের জন্য তাঁর সামনে ঝুলবে ‘কর্ম খালি নেই’-এর সাইনবোর্ডই!স্প্যানিশ ক্রীড়া দৈনিক ডেইলি স্পোর্তকে বস্ক জানিয়ে দিয়েছেন, ‘স্পেনের হয়ে খেলার যোগ্যতা ওর আছে। কিন্তু এক নম্বর শার্ট নিয়ে যে প্রচণ্ড লড়াই, তাতে ওকে দলে নেওয়ার সুযোগ দেখি না আমি।’ ভালদেসের তাই সেরা একাদশে তো দূরের কথা, রিজার্ভ গোলরক্ষক হয়ে বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনাও কম। বস্কের তালিকায় তাঁর অবস্থান যে এখনো চার নম্বরে! ক্যাসিয়াসের পর লিভারপুলের পেপে রেইনা আর ভিয়ারিয়ালের ডিয়েগো লোপেজ। এর পর ভালদেস।স্পেন কেন এবার শিরোপার সবচেয়ে বড় দাবিদার—এখান থেকেও সেটি আন্দাজ করে নেওয়া যায়। দুর্দান্ত সব খেলোয়াড়। কিন্তু ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী। আর তাই স্পেন যদি এবার শেষমেশ বিশ্বকাপ জিতেই ফেলে, ২৮ বছর বয়সী ভালদেসের গর্ব হওয়ার পাশাপাশি আক্ষেপও হয়তো হবে। আজ থেকে অনেক বছর পর পেছন ফিরে তাকিয়ে একটা দীর্ঘশ্বাসও বেরিয়ে আসবে হয়তো, ‘আমি স্প্যানিশ লিগ জিতেছি। স্প্যানিশ কাপ, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ... জিতেছি ক্লাব বিশ্বকাপও। কিন্তু আসল বিশ্বকাপই তো জেতা হয়নি আমার!’ ওয়েবসাইট।