তাঁর জন্য খারাপ লাগছে জাভিরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইকার ক্যাসিয়াস তাঁর ‘শত্রু’। আবার খুব কাছের বন্ধুও। ক্যাসিয়াসের মাপের একজন গোলরক্ষককে বসে থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদের বেঞ্চে, এটা পছন্দ হচ্ছে না জাভিরও। কাল বার্সেলোনা টিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ক্যাসিয়াসকে বেঞ্চে বসিয়ে রেখে অন্যায় করছেন রিয়াল কোচ হোসে মরিনহো, ‘আমি মনে করি এটা অন্যায়।’জাভি যেমন বার্সার প্রতীক হয়ে উঠেছেন, ক্যাসিয়াসও তেমনি রিয়ালের। এ কারণেই রিয়ালে উপেক্ষার শিকার হলেও ক্যাসিয়াসের বার্সায় যোগ দেওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না জাভি, ‘ইকার কখনোই বার্সেলোনায় আসবে না। ও অনেক বেশি মাদ্রিদ-অন্তঃপ্রাণ। ও মাদ্রিদ ছাড়বে বলেই মনে হয় না। তবে ও যদি আসে, অবশ্যই আমি খুশি মনে ওকে স্বাগত জানাব। তবে সত্যি বলছি, ও এখানে আসবে বলে মনে হয় না।’ক্যাসিয়াসকে স্বাগত জানাতে না পারলেও আরেক পরানসখাকে কিন্তু বিদায় জানাতে হচ্ছে জাভিকে। আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বার্সা ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভিক্টর ভালদেস। বার্সা গোলরক্ষকের এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে জাভি বলেছেন, ‘আমি মনে করি না ভালদেস সিদ্ধান্তটা পাল্টাবে। আমার এক বন্ধু চলে যাচ্ছে, আমরা ক্লাবের অংশ হয়ে ওঠা একজনকে হারাচ্ছি। ও এমন একজন খেলোয়াড় যে লড়াই করেই দলে নিজের জায়গা করে নিয়েছে। অথচ সংবাদমাধ্যমের কাছ থেকে ও যেমন বিরূপ আচরণ পেয়েছে, তেমনটি আমি আমার ক্যারিয়ারে আর দেখিনি।’ এএফপি।