তাঁর টেস্ট রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে বলবে এই মানুষটাই জীবনের শেষ টেস্ট খেলতে নামছেন আজ! কাল অনুশীলনেও ঘাম ঝরালেন পুরোদমে। ফুটবল খেলার সময় তাঁর কাছ থেকে বল কেড়ে নিতে বেগ পেতে হলো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে  ওয়েবসাইট
কে বলবে এই মানুষটাই জীবনের শেষ টেস্ট খেলতে নামছেন আজ! কাল অনুশীলনেও ঘাম ঝরালেন পুরোদমে। ফুটবল খেলার সময় তাঁর কাছ থেকে বল কেড়ে নিতে বেগ পেতে হলো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ওয়েবসাইট

সবচেয়ে বেশি টেস্ট
২০১০ সালে ১৬৯তম ম্যাচ খেলতে নেমে ভেঙেছিলেন স্টিভ ওয়াহর রেকর্ড। সংখ্যাটা আজ ২০০ হচ্ছে।
সবচেয়ে বেশি রান
২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালি টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রান করার পথেই ব্রায়ান লারার ১১৯৫৩ রান টপকে সবচেয়ে বেশি রানের মালিক হন টেন্ডুলকার। মুম্বাই টেস্টের আগে ১৯৯ ম্যাচে টেন্ডুলকারের রান ১৫৮৪৭।
চার নম্বরে
চারে ব্যাট করে সবচেয়ে বেশি ১৩৪১৮ রান করেছেন টেন্ডুলকার। ৮৯১৮ রান নিয়ে দুইয়ে জ্যাক ক্যালিস।
সবচেয়ে বেশি সেঞ্চুরি
২০০৫ সালে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষেই পেরিয়েছিলেন সুনীল গাভাস্কারের ৩৪ সেঞ্চুরির রেকর্ড। পরে আরও ১৭ সেঞ্চুরিতে রেকর্ডটাকে নিয়ে গেছেন এভারেস্টসম উচ্চতায়।
সবচেয়ে বেশি ফিফটি
টেস্টে ৬৭টি ফিফটি শচীন টেন্ডুলকারের। অ্যালান বোর্ডারের ৬৩ ফিফটির রেকর্ড ২০১১ সালে পেরিয়ে যান মেলবোর্নে।
নড়বড়ে নব্বই
সেঞ্চুরি করাটা যার কাছে ডালভাত, সেই টেন্ডুলকারই টেস্টে সবচেয়ে বেশি ১০ বার কাটা পড়েছেন নড়বড়ে নব্বইয়ে। সতীর্থ রাহুল দ্রাবিড় ও অস্ট্রেলিয়ার ওপেনার মাইকেল স্ল্যাটার আউট হয়েছেন ৯ বার করে। তবে টেন্ডুলকার একবারও ৯৯ রানে আউট হননি।

সবচেয়ে বেশি চার
২০৪৬টি চার (বেশি হতে পারে, পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি) মেরেছেন। সংখ্যাটি নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহুল দ্রাবিড়ের (১৬৫৪) চেয়ে প্রায় ৫০০ বেশি।

দ্রুততম
টেস্টে ১০ হাজার (১৯৫ ইনিংসে), ১২ হাজার (২৪৭ ইনিংস) ও ১৩ হাজার (২৬৬ ইনিংসে) রান সবচেয়ে কম ইনিংস খেলে পুরো করেছেন টেন্ডুলকার। অবশ্য ১০ হাজারে ব্রায়ান লারা ও ১২ হাজারে রিকি পন্টিং সঙ্গী তাঁর।

প্রথম
১২, ১৩, ১৪ ও ১৫ হাজার রানের ক্লাবের গোড়াপত্তন টেন্ডুলকারের হাতেই।

একমাত্র
১৪ ও ১৫ হাজার রান করা একমাত্র ব্যাটসম্যান টেন্ডুলকার।

দেশের বাইরে বেশি রান
দেশের বাইরে ২৯ সেঞ্চুরিতে ৮৭০৬ রান করেছেন শচীন টেন্ডুলকার। দুটোই রেকর্ড। পরের নামটাও ভারতীয়। প্রতিপক্ষের মাঠে ২১ সেঞ্চুরিতে ৭৬৯০ রান করেছেন রাহুল দ্রাবিড়।

জুটি
রাহুল দ্রাবিড়ের সঙ্গে জুটি বেঁধে ১৪৩ ইনিংসে ৬৯২০ রান করেছেন শচীন টেন্ডুলকার।

সেঞ্চুরি জুটি
টেন্ডুলকার-দ্রাবিড় জুটির দখলেই টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি জুটি গড়ার রেকর্ড। ২০টি সেঞ্চুরি জুটি গড়েছেন এঁরা।

কিশোর টেন্ডুলকার
বয়স ২০ বছর হওয়ার আগেই ৫টি সেঞ্চুরিতে ১৫২২ রান করেছিলেন টেন্ডুলকার। এই বয়সে হাজার রান পেরোতে পারেননি আর কেউ।

এক বছরে
ছয়বার এক পঞ্জিকাবর্ষে হাজারের ওপর রান করেছেন। ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, ব্রায়ান লারা, জ্যাক ক্যালিসরা বছরে চার অঙ্ক ছুঁয়েছেন পাঁচবার করে।

আউট
সবচেয়ে বেশিবার ক্যাচ (১৬৮) ও এলবিডব্লু (৬৩) আউট।