তাঁর থাকা হলো না
মেয়ে জিন্দজি ম্যান্ডেলার নাতনি গত বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। স্বজন হারানোর বেদনায় শোকাহত দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তাই জোহানেসবার্গের সকার সিটিতে বিশ্বকাপ ফুটবলের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। গত বৃহস্পতিবার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্ট শেষে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয় জিন্দজির নাতনি জেনানি ম্যান্ডেলা (১৩)। নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন গতকাল এক বিবৃতিতে জানায়, ম্যান্ডেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। তিনি শুক্রবার সকালে তাঁর মেয়ের নাতনির মৃত্যুর খবর জেনেছেন। ফলে তাঁর পক্ষে বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না।বিবৃতিতে জানানো হয়, বিশ্বকাপ কনসার্ট দেখে গাড়িতে করে বাসায় ফেরার পথে জোহানেসবার্গ সিটি সেন্টারের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, দুর্ঘটনার সময় একই গাড়িতে জেনানির সঙ্গে ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলাও ছিলেন।পুলিশের মুখপাত্র নক্সোলো কেউজা জানান, ওই গাড়ির চালককে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।ম্যান্ডেলা ফাউন্ডেশন জানায়, জেনানি ম্যান্ডেলা গত ৯ জুন তার ১৩তম জন্মদিন উদ্যাপন করেছে। জেনানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। ম্যান্ডেলার কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠেই তিনি এ করুণ সংবাদ শুনেছেন। এ ঘটনায় তিনি সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না। এএফপি ও বিবিসি অনলাইনের।