তাঁর নতুন ইনিংস

ক্রিকেটার না হলে চিকিৎসক হতেন। দিন কয়েক আগে চেন্নাইয়ের এক স্কুল পরিদর্শনে গিয়ে জানিয়েছেন শচীন টেন্ডুলকার। কিন্তু ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাঁর হাতে অফুরন্ত সময়। এখন কী করবেন? কোচিংয়ে নাম লেখাচ্ছেন টেন্ডুলকার!
ভারতের সম্ভাবনাময় উদীয়মান ১১ ক্রিকেটারের ‘গুরু’ হিসেবে কাজ করবেন ভারতীয় ক্রিকেট গ্রেট। ক্রীড়া সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের এই দলে আছেন উন্মুক্ত চাঁদ, পারভেজ রসুল, বিজয় জোল, মনন বোহরা, মনপ্রীত জুনেজা, রাশ কালারিয়া, চিরাগ খুরানা, অক্ষদ্বীপ নাথ, বিকাশ মিশ্র, সরফরাজ খান এবং বাবা অপরাজিত। যাঁদের অনেকেই আবার এরই মধ্যে বয়সভিত্তিক ক্রিকেটে নাম করেছেন। প্রতিশ্রুতিশীল এসব তরুণের পরিচর্যার জন্য টেন্ডুলকারের চেয়ে ভালো ‘গুরু’ আর কে হতে পারে!
নতুন দায়িত্ব নিয়ে টেন্ডুলকারও রোমাঞ্চিত, ‘খেলাটির ভবিষ্যতের জন্য এটি অ্যাডিডাসের দারুণ উদ্যোগ। স্বপ্নচোখে আরও দূরে যেতে চাওয়া খেলোয়াড়দের এটি অনুপ্রাণিত করবে। এসব প্রতিভাবান তরুণ ক্রিকেটারের পরামর্শক হয়ে যেমন ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখাতে পারব, সুযোগ পাব কিছু ফিরিয়ে দেওয়ারও।’
শুধু টেন্ডুলকারই নন, অ্যাডিডাসের দলের পরামর্শক তালিকায় আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়নাও। আরও কয়েকজনকে এই তালিকায় যুক্ত করার পরিকল্পনা আছে অ্যাডিডাসের। ওয়েবসাইট।