তাঁর নামই জানতেন না আফ্রিদি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৬ সালের ৪ অক্টোবর বিস্ময়ভরে এক তরুণের নাম জেনেছিল ক্রিকেটবিশ্ব। তরুণ না বলে কিশোর বলাই ভালো। কেনিয়ায় চার দেশীয় ক্রিকেটে মুশতাক আহমেদ চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা অনূর্ধ্ব-১৯ দল থেকে ১৬ বছর বয়সী এক লেগস্পিনারকে উড়িয়ে আনল পাকিস্তান। নেটে সেই লেগস্পিনারের ব্যাটিং দেখে অধিনায়ক সাঈদ আনোয়ার তাঁকে শ্রীলঙ্কার বিপক্ষে নামিয়ে দিলেন ৩ নম্বরে। প্রথম বলে রান নেই, পরের বলেই ছয়। বাকিটা ইতিহাস। ৩৭ বলে সেঞ্চুরি করে সেই তরুণ ভেঙে দিলেন মাস ছয়েক আগেই গড়া সনাৎ জয়াসুরিয়ার রেকর্ড। ক্রিকেটাকাশে আবির্ভূত হলেন নতুন তারা—শহীদ আফ্রিদি।
সে সময় খবরটি শোনার পর সবার প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘আফ্রিদি কে?’ কাল কোরি অ্যান্ডারসনের কাছে রেকর্ড হারানোর পর আফ্রিদির প্রথম প্রতিক্রিয়াও একই, ‘কোরি আবার কে?’ তবে শুরুর আফ্রিদির মতো ঠিক আনকোরা নন অ্যান্ডারসন। পাঁচটি টেস্ট খেলে ফেলেছেন, দ্বিতীয় টেস্টেই করেছিলেন সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে। কালকের আগে ওয়ানডেও খেলেছেন ছয়টি। বাঁহাতি পেস বোলিংয়ের সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিংটাও তাঁর সহজাত। তবে সেটিকে মাথায় রেখেও আফ্রিদির রেকর্ড ভেঙে দেওয়াটা বলতে হবে মহাবিস্ময়। গোটা ক্রিকেট বিশ্ব যেমন চমকে গেছে, আফ্রিদির বিস্মিত আরও বেশি, ‘আমি ওর নামও শুনিনি আগে। সকালে আমার ভাইয়ের ছেলে খবরটি দিল। শুনে বললাম, ‘‘২০১৪ সালের প্রথম খবর, আমার রেকর্ড ভেঙে গেছে!’’ তবে বলতেই হবে এটি অসাধারণ অর্জন, অ্যান্ডারসনকে কৃতিত্ব দিতেই হবে। ৩৬ বলে সেঞ্চুরি করা চাট্টিখানি কথা নয়।”’
মজার ব্যাপার হলো, রেকর্ডের খবর বিস্ময় হয়ে এসেছে স্বয়ং অ্যান্ডারসনের কাছেও। ৩৬ নম্বর বলে ছক্কা মেরে তবেই ভেঙেছেন রেকর্ড। অথচ তিনি নাকি জানতেনই না, ‘সত্যি বলতে, জানতাম না। আমি শুধু ভেবেছিলাম বেশ দ্রুতগতির একটি সেঞ্চুরি হলো। বুঝতে পারিনি যে এটাই দ্রুততম।’ ওয়েবসাইট।
অষ্টম ওভারে উইকেটে গিয়েছিলেন অ্যান্ডারসন, সেঞ্চুরি হয়ে গেছে ১৮তম ওভারেই। যেন চোখের পলকেই হয়ে গেল সেঞ্চুরি। অ্যান্ডারসন নিজেও ঠিক বুঝে উঠতে পারেননি, ‘সেঞ্চুরি আসলে আমার ভাবনায় ছিল না। এত দ্রুত হয়ে গেল, ভাবার সময়ই পাইনি! চেষ্টা করে গেছি শুধু যত বেশি সম্ভব রান করতে। নিজের কথা নয়, ভেবেছি দলের কথা।’
দলের রান বাড়ানোর চেষ্টাতেই নিজের নাম লেখা হয়ে গেল ইতিহাসে। ১৭ বছর যেখানে লেখা ছিল আফ্রিদির নাম। বাস্তবতটা মেনে নিতে একটু কষ্টই হচ্ছে পাকিস্তানি অলরাউন্ডারের, ‘আমি চাইছিলাম অবসর না নেওয়া পর্যন্ত অন্তত রেকর্ডটি টিকে থাকুক। রেকর্ডটির প্রসঙ্গ উঠলেই আমার ও পাকিস্তানের নাম বলা হতো, বড় এক গর্বের ব্যাপার ছিল তা। তবে আমি নিশ্চিত, এই টি-টোয়েন্টির যুগে অ্যান্ডারসনের রেকর্ডও ভেঙে যাবে।’
বিস্ফোরক ক্রিকেট আর বোলারদের হাত-পা বেঁধে রাখার এই যুগে সেই সম্ভাবনা তো আছেই। অ্যান্ডারসন নিজে লড়াইয়ে রাখছেন আফ্রিদিকেও, ‘সে হয়তো আবার চেষ্টা করবে রেকর্ড ভেঙে দিতে!’