তাঁর পাশে ম্যারাডোনা-ক্যাপেলো
অনেকেই চমকে গিয়েছিল। চমকে যাওয়ারই কথা। রিয়াল মাদ্রিদের একাদশে ইকার ক্যাসিয়াস নেই—এ যে অভাবিত! গত ১০ বছরে এমনটা ঘটেনি। কিন্তু হোসে মরিনহো সেই দুঃসাহসিক কাজই করেছেন। যদিও সেই জুয়ায় হেরেও গেছেন। ক্যাসিয়াসের বদলে নামা আন্তোনিও আদান ৩ গোল খাওয়ায় মালাগা ম্যাচে হেরে বার্সার চেয়ে ১৬ পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল। স্বাভাবিকভাবেই মরিনহোর দিকে ছুটে গেছে সমালোচনার তির। কিন্তু ক্যাসিয়াসকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি সমর্থনই করলেন ডিয়েগো ম্যারাডোনা ও ফ্যাবিও ক্যাপেলো।ম্যারাডোনা অনেক দিন থেকেই মরিনহোর মহাভক্ত। সম্প্রতি দুজনের দেখা হয়েছিল দুবাইয়ের এক ক্রীড়া সম্মেলনে। ম্যারাডোনার বক্তব্য পরিষ্কার, ফুটবলে কোচই সর্বেসর্বা। কাকে রাখা হবে আর কাকে বাদ দেওয়া হবে, সেই সিদ্ধান্ত কোচই নেবেন। এর জন্য কারও কাছে জবাবদিহির প্রয়োজন নেই। ‘মো যে ক্যাসিয়াসকে বেঞ্চে বসিয়ে রেখেছিল, এটা অনেক বড় সিদ্ধান্ত বলেই আমি মনে করি। মরিনহোই বস। এটা হয়েই গেছে, জিতল, হারল নাকি ড্র হলো, এ আলোচনা অর্থহীন। মরিনহোই কোচ। ফলে ক্যাসিয়াস বা অন্য কেউ কে কী বলল, তাতে কিছু যায়-আসে না।’মরিনহোকে সব সময়ই সেরা কোচ বলে এসেছেন। ম্যারাডোনা তাঁকে আর পেপ গার্দিওলাকে রাখলেন একই কাতারে, ‘মরিনহো বিস্ময়কর এক কোচ। গার্দিওলার মতো তারও ব্যক্তিত্ব প্রবল, সেও অনেক নিত্যনতুন ধারণা এনে দিয়েছে। একটা দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা লাগে, সবই এই দুজনের মধ্যে আছে।’দুজনের সম্পর্কের কারণে অনেকে ভাবতে পারেন ম্যারাডোনা হয়তো আবেগ থেকেই এসব বলেছেন। কিন্তু ক্যাপেলো? রিয়ালের সাবেক কোচ বলেই নয়, ইতালিয়ান এই কোচকে সেরা ফুটবল-প্রজ্ঞাবানদের কাতারেই রাখতে হয়। সেই ক্যাপেলোও বলছেন, কোনো খেলোয়াড়ই একটা দলের চেয়ে বড় হতে পারে না। মরিনহোকে সম্মান দেখাতে ক্লাবের কর্মকর্তা, সমর্থক ও খেলোয়াড়দের অনুরোধও জানিয়েছেন বর্তমানে রাশিয়ার জাতীয় কোচের দায়িত্ব পালন করা ক্যাপেলো। ওয়েবসাইট।