তাঁর বাজারমূল্য ৪০ কোটি ইউরো
প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, অনুশীলনে নিজেদের মধ্যে খেলা। কিন্তু সেটা দেখতেই হাজির ১২ হাজার দর্শক। আর আসবে না-ই বা কেন? দুই মাস পর লিওনেল মেসিকে বল নিয়ে কারিকুরি করতে দেখতে পারাটাই তো বিশাল একটা আকর্ষণ! পরশু বার্সেলোনার অনুশীলন মাঠ মিনি এস্তাদিতে মহাসমারোহে ‘মেসিবরণই’ হলো!
লা লিগায় আজ হয়তো নামবেন না। তবে মেসি যে রাজকীয়ভাবেই ফিরবেন সেটার একটা মহড়া যেন দিয়ে রাখলেন অনুশীলনেই। পরশুর ম্যাচে দুই ভাগে ভাগ হয়ে খেলেছিল বার্সার খেলোয়াড়েরা। দুই মাস পর মাঠে নেমে মেসি করেছেন হ্যাটট্রিক। একটা গোল করিয়েছেনও। শেষ পর্যন্ত মেসির দল ম্যাচটা ৫-৪ গোলে হেরে গেছে। কিন্তু এই ফল নিয়ে কে আর মাথা ঘামায়? হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মেসি মাঠে ফিরেছেন, হ্যাটট্রিক করেছেন, কোচ জেরার্ডো মার্টিনোর কাছে এর চেয়ে স্বস্তির আর কী হতে পারে?
মেসির নিজের অনুভূতিটা কী? সামাজিক যোগাযোগ মাধ্যম টেনসেন্ট ওয়েইবো ও উইচ্যাটে মেসি লিখেছেন, ‘সতীর্থদের সঙ্গে আমার খেলতে পেরে খুবই ভালো লাগছে। খুবই ভালো বোধ করছি আমি।’
তবে পরশু এএসের একটা প্রতিবেদন দেখে থাকলে মেসি হয়তো মুচকি হেসেছেন। ক্রীড়া বিপণণ বিশেষজ্ঞ জেরার্ডো মলিনা অনেক গবেষণা করে মেসির বর্তমান বাজারমূল্য বের করেছেন সেটি নিয়েই প্রতিবেদন। বেশি নয়, সেটা মাত্র ৪০ কোটি ইউরো!
বার্সার সঙ্গে মেসির ‘বাই-আউট’ শর্ত থাকায় তাঁকে কিনতে অন্তত ২৫ কোটি ইউরো খরচ করতে হবে কোনো ক্লাবকে। কিন্তু মলিনা বলেছেন মেসির প্রকৃত বাজারমূল্য আরও ১৫ কোটি ইউরো বেশি হওয়া উচিত। সেই তুলনায় রোনালদোর বাজারমূল্য অনেক কম দেখিয়েছেন মলিনা—সেটা ১৫ থেকে ১৬ কোটি ইউরোর বেশি নয়!
কিন্তু মেসিকে কিনতে এত অর্থ ব্যয়ের সামর্থ্য কি কোনো ক্লাবের আছে? মলিনা বলেছেন, ‘একটা ক্লাব আছে যাদের আসলে একটা সরকার চালায়। তারা এই অর্থ জোগাতেই পারে।’ মলিনার ইঙ্গিত কাতারি পৃষ্ঠপোষণার ফ্রেঞ্চ ক্লাব পিএসজির দিকে! ওয়েবসাইট।