তাঁর বিদায়ের পর টেরি-দ্রগবা
মাত্র নয় মাসের মাথাতেই চেলসির কোচের চাকরি থেকে বরখাস্ত হয়েছেন আন্দ্রে ভিলাস-বোয়াস। দলের ব্যর্থতা তো আছেই, ভিলাস-বোয়াসের চাকরি হারানোর পেছনে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়ে পড়ারও দায় দেখেন অনেকে। কিন্তু জন টেরি বলছেন, পর্তুগিজ কোচের চাকরি যাওয়ার পেছনে দলের সিনিয়র খেলোয়াড়দের কোনো দোষ নেই। চেলসি অধিনায়কের কথা, ভিলাস-বোয়াসকে সমর্থনই করেছেন তাঁরা।টেরির কথা, স্টামফোর্ড ব্রিজে খেলোয়াড়েরা ক্ষমতাবান বলে যা শোনা যায়, তা আসলে ভিত্তিহীন। ভিলাস-বোয়াসের চাকরি গেছে একমাত্র দুর্বল পারফরম্যান্সের কারণেই, ‘সব ক্লাবেই, যখন খেলোয়াড়েরা খেলতে পারে না, সব সময়ই ভুল-বোঝাবুঝি তৈরি হয়। খেলতে না পেরে খেলোয়াড়েরা মুষড়ে পড়েন। যেহেতু ক্লাবটা চেলসি, আমি মনে করি, মানুষ মনে করছে সিনিয়র খেলোয়াড়দের প্রভাব আছে। আমি আপনাদের নিশ্চিত করতে চাই, ঘটনা তা নয়। আমি এই ক্লাবে আসার পর থেকে এমনটা হয়নি। সব খেলোয়াড়ই চেলসিকে নিয়ে ভাবে। মালিক তো অবশ্যই। আন্দ্রে খুবই ভালো ছিলেন। দুর্ভাগ্যবশত আমরা ফল পাইনি। আর দুর্ভাগ্যবশত দায়টা তাঁর কাঁধেই বর্তেছে; কিন্তু তিনি শুধু একা নন, আমি মনে করি, খেলোয়াড় এবং কোচ মিলেই ভুল করেছেন।’টেরি শুভকামনাও জানিয়েছেন ভিলাস-বোয়াসকে, ‘আমরা সবাই তাঁকে শুভেচ্ছা জানাই। তাঁর সামনে দারুণ ভবিষ্যৎ। তিনি এখনো তরুণ। এ অভিজ্ঞতাটা তাঁর জন্য শিক্ষণীয় তো বটেই, আমরা নিজেও শিখতে পারব। তাঁর সঙ্গে আমার সম্পর্কটা ছিল দারুণ।’ টেরির সঙ্গে সুর মিলিয়েছেন দিদিয়ের দ্রগবাও, ‘তাঁর দুর্ভাগ্য, দলটা ভালো অবস্থায় ছিল না। আমি মনে করি, এ ঘটনাটা এড়াতে আমরা খেলোয়াড়েরা ভালো করতে পারতাম। কিন্তু এটাই জীবন।’ ওয়েবসাইট।