প্রশ্নটা কৌতুক করেই বলা: ‘এত এত পুরস্কার যে জেতেন, বাসায় রাখার মতো জায়গা আছে তো?’ লিওনেল মেসি ঠাট্টা করেই দিলেন ‘সিরিয়াস’ উত্তর, ‘হ্যাঁ, এখনো আমার বাসায় শো কেসে অনেক জায়গা খালি। আমি আরও অনেক পুরস্কার জিততে চাই।’বয়স মাত্র ২৩ বছর। এই বয়সেই কত না পুরস্কারই পেয়েছেন। শুধু দলগত নয়, ব্যক্তিগত অর্জনও অনেক। টানা দুবারের ফিফা বর্ষসেরা মেসি পরশু পেলেন উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও। ক্রিস্টিয়ানো রোনালদো আর সতীর্থ জাভি হার্নান্দেজকে টপকে ইউরোপের নির্বাচিত ফুটবল সাংবাদিকের সরাসরি ভোটে এই পুরস্কার জিতেছেন মেসি। এর আগে ইউরোপের বর্ষসেরা পেতেন ব্যালন ডি’অর। কিন্তু গত বছর থেকে ফিফা বর্ষসেরা আর ব্যালন ডি’অর অভিন্ন পুরস্কার হিসেবে একীভূত হয়ে গেছে। নাম হয়েছে ফিফা-ব্যালন ডি’অর। ইউরোপের বর্ষসেরাদের জন্য উয়েফা তাই আলাদা করে এই পুরস্কার চালু করল। আর চালুর বছরেই উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির কাছ থেকে একটা চকচকে ট্রফি বুঝে নিলেন গত মৌসুমে ৫৫ ম্যাচে ৫৩ গোল করা মেসি। সমানসংখ্যক গোল রোনালদোও করেছেন। কিন্তু মেসির গোলগুলো বার্সাকে লিগ আর চ্যাম্পিয়নস লিগ জিততে সাহায্য করেছে। স্প্যানিশ লিগে ৩৩ ম্যাচে করেছিলেন ৩১ গোল। লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি রোনালদো ছিনিয়ে নিলেও গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা (১২টি) হয়েছিলেন মেসিই। এ কারণেই চূড়ান্ত ভোটাভুটিতে ৩৯ ভোট পেয়েছেন মেসি, জাভি পেয়েছেন ১১টি আর রোনালদো পেয়েছেন ৩ ভোট।পরশু মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ড্র শেষে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সেই মঞ্চেই মেসিকে প্রশ্নটি করেন উপস্থাপক। ঠাট্টার ছলে উত্তর দিয়ে মেসি জানিয়ে দেন, ক্ষুধা তাঁর মেটেনি। সামনে আরও আরও পুরস্কার চান। করতে চান আরও আরও গোল। নিজের কথা বলার পাশাপাশি সতীর্থদের অবদানের কথা স্বীকার করতেও কিন্তু ভোলেননি মেসি, ‘আমাকে যাঁরা ভোট দিলেন তাঁদের ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমার সতীর্থদের। সতীর্থদের ছাড়া এই অর্জন সম্ভব হতো না।’ এই পুরস্কার থেকে এমন পূর্বাভাসও পাওয়া গেল, টানা তৃতীয়বারের মতো ফিফা বর্ষসেরা হতে চলেছেন মেসি। টানা তিনবার ফিফা বর্ষসেরা হতে পারেননি আর কেউই। রয়টার্স।