তাঁর মুকুটে আরেকটি পালক
স্পেন জাতীয় দলের সর্বকালের সেরা কোচ হিসেবে তাঁর নামটা অক্ষয়ই হয়ে গেছে। আরেকটা বিশ্বকাপ জিততে পারলে ভিসেন্তে দেল বস্ক উঠে যাবেন আরও ওপরে। সেই পথ এখনো অনেক দূরে। তবে সেই গন্তব্যে হাঁটতে হাঁটতে কাল আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেললেন বস্ক। স্পেনের কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে ডাগ আউটে দাঁড়ানোর যে রেকর্ডটা এত দিন ছিল লাসলো কুবালার, সেটিতেই ভাগ বসালেন দেল বস্ক। ১৯৬৯ থেকে ১৯৮০ পর্যন্ত সময়ে ৬৮টি ম্যাচে স্পেনের কোচ ছিলেন কুবালা। কাল রাতে দোহাতে উরুগুয়ের সঙ্গে প্রীতি ম্যাচটিও ছিল দেল বস্কের ৬৮তম ম্যাচ।২০০৮ সালে লুইস আরাগোনেসের উত্তরসূরি হিসেবে স্পেনের দায়িত্ব নিয়েছিলেন। আগামী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করে যাওয়ার পরিকল্পনা আছে। বিদায় নিতে নিতে রেকর্ডটা আরও সমৃদ্ধই হবে। আগের ৬৭টি ম্যাচের ৫৬টিতেই জয় এনে দিয়েছেন, হার মাত্র ৬টিতে। ব্রাজিলের টানা ৩৫টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটাও স্পেন ছুঁয়েছে তাঁর সময়েই। জিতিয়েছেন বহু আরাধ্য বিশ্বকাপ। তার পরও পূর্বসূরিকে প্রাপ্য শ্রদ্ধার্ঘ্য দিতে কার্পণ্য করলেন না ৬২ বছর বয়সী, ‘কুবালার সমসাময়িক আমরা যাঁরা ছিলাম. প্রত্যেকের তাঁর সম্পর্কে অনেক অসাধারণ সব স্মৃতি আছে। নিপাট এক ভদ্রলোক ছিলেন। সবার ওপরে স্থান দিতেন ফুটবলকে।’কালকের ম্যাচটি কার্লোস পুয়োলেরও জন্য ছিল বিশেষ মাইলফলক ছোঁয়ার। সপ্তম খেলোয়াড় হিসেবে স্পেনের পক্ষে শততম ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। রয়টার্স।