তাঁর মুখে আবার রেকর্ডের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা শব্দই গুঞ্জরিত হচ্ছিল—‘শেষ’। একটা বাক্যই বলাবলি হচ্ছিল, ‘ও আর পারবে না।’ ইয়েলেনা ইসিনবায়েভার একের পর এক ব্যর্থতা তুলে দিয়েছিল এই প্রশ্নটা—পোল ভল্টের রাজত্ব কি অন্যের হাতে সঁপে দিচ্ছেন এই রুশ সম্রাজ্ঞী?না, ইসিনবায়েভা যে ফুরিয়ে যাননি সেটাই জানান দিলেন নতুন করে। পরশু সুইডেনের স্টকহোমে এক্সএল গালান ইনডোরে গড়লেন নতুন বিশ্ব রেকর্ড। পেরিয়ে গেলেন ৫.০১ মিটার উচ্চতা। ইনডোর-আউটডোর মিলে এটি তাঁর ২৮তম বিশ্ব রেকর্ড। কিংবদন্তি সের্গেই বুবকার আরও কাছাকাছি এখন তিনি। পুরুষ পোল ভল্টে ৩৫টি রেকর্ড গড়েছিলেন বুবকা।সর্বশেষ রেকর্ড গড়েছিলেন ২০০৯ সালের ফেব্রুয়ারিতে, ইনডোরেই। তিন বছর পর আরেকটি রেকর্ড মুঠোয় পুরলেন। এই তিনটা বছর কেটেছে নিদারুণ হতাশায়। ২০১০ কাতার বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপে হয়েছেন চতুর্থ। গত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ। একসময় তাঁকে এই অপবাদ শুনতে হতো—‘ইচ্ছা করেই ইসিনবায়েভা রেকর্ড এক লাফে বাড়িয়ে নিচ্ছেন না।’ যেন তিনি চাইলেই রেকর্ড হয়। মেয়েদের মধ্যে প্রথম ৫ মিটার উচ্চতা পেরোনো সেই ইসিনবায়েভা হুট করেই যেন তলিয়ে যেতে থাকলেন। একসময় সাময়িক অবসরেও গেলেন সবকিছু গুছিয়ে নিতে। কোচ পাল্টে নিজের শৈশবের গুরু ইয়েভজেনি ত্রফিমভের কাছে ফিরে গেলেন। কিন্তু তাতেও লাভ হচ্ছিল না। তবে ত্রফিমভ বরাবরই বলে আসছিলেন পরিশ্রমের প্রতিদান ইসিনবায়েভা পাবেনই। এ বছরের শুরুতেই ৪.৭ মিটার পেরিয়েছেন। ধারাবাহিক উন্নতি যে করছেন সেটাই বোঝা গেল পরশু। এর আগে ইনডোরে তাঁর রেকর্ড ছিল ৫ মিটার। এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। শুধু তা-ই নয়, অন্যদের সঙ্গে তাঁর ব্যবধান আবারও চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিলেন। দ্বিতীয় হওয়া ব্রিটেনের হলি ব্লিসডেল পেরিয়েছেন ৪.৭২ মিটার।এই রেকর্ড শুধু তাঁর হারানো আত্মবিশ্বাসই ফিরিয়ে আনেনি, ২৯ বছর বয়সীর মুখে ফিরেছে সেই মোহনীয় হাসিও, ‘এই পর্যায়ে ফিরে আসতে পেরে আমি সত্যিই ভীষণ আনন্দিত। আমি এটারই স্বপ্ন দেখে আসছিলাম।’ আউটডোরে ১৫ আর ইনডোরে ১৩ রেকর্ডের মালিক বললেন, ‘এটা সত্যিকারের প্রত্যাবর্তন। নিজেকে বলছিলাম, “আজকের রাতটি আমার রাত। আমাকে শুধু নিজের সেরাটা করতে হবে।” আর আমার শরীরও ঠিকঠাক সাড়া দিল।’ নিজের এতগুলো রেকর্ডের মধ্যে এই কৃতিত্বটা যে আলাদা করে মনে রাখবেন, সেটাও বোঝা গেল তাঁর প্রতিক্রিয়ায়, ‘মনে হচ্ছে যেন একটা স্বপ্ন। বুঝতে পারছি না সবকিছু কীভাবে ঘটে গেল। আমি উঁচুতে লাফানোর জন্য তৈরিই ছিলাম। অনুুশীলনে এই উচ্চতা আমি দুবার পেরিয়েছি। আমার কোচও বলছিলেন, এই প্রতিযোগিতাতেও আমি তা অনায়াসে করতে পারব, যদি কৌশলগত দিকগুলো ঠিকঠাক হয়। আজ (পরশু) সবই ঠিকঠাক মতো করেছি। আর ৫.০১ মিটার সেটারই ফল।’আউটডোরে তাঁর রেকর্ডটি ৫.০৬ মিটারের। ইনডোরেও রেকর্ডটি আরও এগিয়ে নিতে চান, ‘হ্যাঁ, অবশ্যই। তা না হলে আমি এত পরিশ্রম করতাম না। ৫.০১ মিটার এমনিতেই অনেক উঁচু। কিন্তু যখন ট্র্যাকে দাঁড়াই, সেটাকে বেশি উঁচু মনে হয় না। কখনো কখনো এই উচ্চতাটা আমার কাছে ৪.১৫ মিটারের মতো মনে হয়। আজও যেমন মনে হয়েছে, বারটা অনেক নিচেই আছে।’বোঝা যাচ্ছে, সেই আত্মবিশ্বাসও ফিরে এসেছে। ইসিনবায়েভা লন্ডন অলিম্পিকের জন্যও প্রস্তুত! রয়টার্স।