তাঁর শোকে আচ্ছন্ন ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দূরে যাঁর ছবি দেখা যাচ্ছে, তিনি এখন শুধুই স্মৃতি। বার্সেলোনার সদ্যপ্রয়াত সাবেক কোচ টিটো ভিলানোভাকে শ্রদ্ধা জানাতে কাল ন্যু ক্যাম্পের স্মৃতিফলকে এসেছিলেন মেসি-নেইমাররা, এএফপি
দূরে যাঁর ছবি দেখা যাচ্ছে, তিনি এখন শুধুই স্মৃতি। বার্সেলোনার সদ্যপ্রয়াত সাবেক কোচ টিটো ভিলানোভাকে শ্রদ্ধা জানাতে কাল ন্যু ক্যাম্পের স্মৃতিফলকে এসেছিলেন মেসি-নেইমাররা, এএফপি

বিশাল ফলকে উৎকীর্ণ তিনটি শব্দ, ‘টিটো, সিয়েম্প্রে ইটার্নো’। স্প্যানিশ কথাগুলোর কাছাকাছি বাংলা অনুবাদ, ‘টিটো, অনন্তকাল স্মরি তোমারে’। কাল ন্যু ক্যাম্পে সেই ফলকের সামনে বিষাদমাখা মুখে যখন মেসি-জাভিরা নিশ্চুপ এসে দাঁড়ালেন, মনের মধ্যে হয়তো বয়ে যাচ্ছিল অজস্র স্মৃতির ওড়াওড়ি। এই তো সেদিন ডাগআউটে ছিলেন টিটো ভিলানোভা। সেদিনই তো বার্সার লা লিগা জয়টা উদ্যাপন করলেন। সেই ভিলানোভাই এখন শুধুই পটে আঁকা ছবি।

বার্সেলোনা এখন শোকের নগর। ক্লাবের অর্ধনমিত পতাকা, বিষণ্ন সমর্থকদের স্টেডিয়ামমুখী ঢল—সবকিছুই বলে দিচ্ছে ভিলানোভার অকালপ্রয়াণ কতটা নাড়া দিয়েছে বার্সেলোনাকে। পুরো ক্লাবের অনুভূতিটা প্রতিধ্বনিত হলো কার্লোস পুয়োলের কণ্ঠে, ‘আমাদের জন্য খুব কঠিন মুহূর্ত। আড়াই বছর তিনি আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে ছিলেন। লড়াই করেছেন শেষ দিন পর্যন্ত।’

দেওয়ারই কথা। মেসি-জাভিদের সর্বজয়ী বার্সেলোনার নেপথ্য নায়কদের একজন তিনি। লিওনেল মেসি যেমন টুইটারে স্মৃতিকাতরতায় ভেসে গেলেন, ‘টিটো প্রথম আমার ওপর ভরসা রেখেছিলেন। আমি তখন বদলি হিসেবে খেলছিলাম। অনূর্ধ্ব-১৬ দলে তিনিই আমাকে সুযোগ দিয়েছিলেন।’ ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত গার্দিওলার সহকারী হয়ে ছিলেন ডাগআউটে। পরে গার্দিওলা চলে গেলে দায়িত্ব পান ভিলানোভাই। বার্সেলোনার কোচ হওয়ার আজন্ম স্বপ্নের কথা নিজেই জানিয়েছিলেন। কিন্তু প্রিয় ক্লাবে থাকতে পারলেন মোটে এক মৌসুম। দুই বছর আগে শরীরে ক্যানসার নামের যে আততায়ী বাসা বেঁধেছিল, সেটির জন্য গত বছর চলে যেতে হলো ক্লাব থেকে। আর পরশু তো চলে গেলেন অনন্তলোকেই।

অথচ বয়স হয়েছিল মাত্র ৪৫। ফুটবল কোচদের জন্য যেটিকে বলা যায় উন্মেষকাল। স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের কণ্ঠে অনুরণিত হলো সেই আক্ষেপটাই, ‘এটা একটা বিপর্যয়। অর্ধেক জীবন সামনে পড়ে ছিল তাঁর। অথচ তাঁকেই কিনা চলে যেতে হলো।’

টিটো ভিলানোভা
টিটো ভিলানোভা

বার্সেলোনা ভিলানোভার স্মরণে কাল শোকবই খুলেছে। ন্যু ক্যাম্পের শোকস্তম্ভে খেলোয়াড়েরাসহ এসেছিলেন কোচ জেরার্ডো মার্টিনো, সভাপতি বার্তোমেউসহ অন্যরাও। ভিলানোভার ছবির সামনে পালন করা হয়েছে এক মিনিট নীরবতা। পরে সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। আগামীকাল স্থানীয় সময় রাত আটটায় বার্সেলোনাতেই প্রয়াত কোচের শেষকৃত্যানুষ্ঠান হওয়ার কথা। লা লিগার এই সপ্তাহের সব ম্যাচেও খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

স্প্যানিশ দৈনিক মার্কা ভিলানোভার স্মরণে ১২ পৃষ্ঠার বিশেষ ক্রোড়পত্র বের করেছে। শুধু বার্সেলোনাতেই নয়, শোকটা আসলে ছুঁয়ে গেছে পুরো ফুটবলবিশ্বকেই। টুইটারে শোক জানিয়েছেন ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকেই। এএফপি, ওয়েবসাইট।

শ্রদ্ধাঞ্জলি

আমরা সব সময় ওকে মনে রাখব। টিটোর পরিবারকে আমার ভালোবাসা

লিওনেল মেসি

টিটো ভিলানোভার বিদায় ফুটবলের জন্য শোকাবহ একটি দিন

হোসে মরিনহো

তুমি খুব তাড়াতাড়ি চলে গেছ। তোমার সঙ্গে কাটানো মুহূর্ত আমি সারাজীবন মনে রাখব

জেরার্ড পিকে

অনেকগুলো বছর আমরা একসঙ্গে কাটিয়েছি। তোমাকে ভুলব না, বন্ধু

এরিক আবিদাল

টিটো ভিলানোভা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা কোচ। তাঁর পরিবারের প্রতি আমার সমর্থন ও ভালোবাসা রইল

সেস ফ্যাব্রিগাস

প্রিয়জনের বিদায়ের অনুভূতিটা প্রকাশ করা সম্ভব নয়। আমাদের এত কিছু দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ

হোসে ম্যানুয়েল পিন্টো