তাঁর সেরা পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ক্যারিয়ারে সনি লিস্টন, জর্জ ফোরম্যানের মতো অনেক দুর্ধর্ষ প্রতিপক্ষ পেয়েছিলেন। তবে মোহাম্মদ আলীর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জো ফ্রেজিয়ার। শতাব্দীর লড়াই যেটিকে বলা হয়, সেই ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’ও সেই ফ্রেজিয়ারের বিপক্ষেই। বিখ্যাত সেই লড়াইটিসহ আলীর ক্যারিয়ারের সেরা পাঁচটি লড়াইয়ের গল্প—

বিশ্বমঞ্চে আবির্ভাব
তখন তিনি মোহাম্মদ আলী হননি, নাম ছিল ক্যাসিয়াস ক্লে। ২৫ ফেব্রুয়ারি, ১৯৬৪। ফ্লোরিডার মায়ামিতে তখনকার হেভিওয়েট চ্যাম্পিয়ন সনি লিস্টনের মুখোমুখি ২২ বছরের ক্লে। শুরু থেকে ক্লে একের পর এক কথার হুল ফুটিয়ে উত্তেজিত করছিলেন লিস্টনকে। বয়সে কম ক্লে ছিলেন বেশি ক্ষিপ্র। পায়ের কাজ ও গতি ব্যবহার করে তুলনামূলক মন্থর লিস্টনকে ভালোই ভোগাচ্ছিলেন। ষষ্ঠ রাউন্ডের পর লিস্টনের চোখের নিচে অসংখ্য কাটাকুটির দাগ, ঘাড়টাও প্রায় বিবশ। লিস্টন হার মেনে নিলেন। ওই দিন ক্লে সদর্পে জানিয়ে দিয়েছিলেন, ‘আমিই সেরা’!
আবারও ধরাশায়ী লিস্টন
২৫ মে, ১৯৬৫। মেইনের লিউস্টনে ফিরতি ম্যাচে আবার আলীর মুখোমুখি লিস্টন। আলীর প্রথম রাউন্ডের জয়টা বক্সিং ইতিহাসের সবচেয়ে বিতর্কিত জয়গুলোর একটি হয়ে আছে। প্রথম রাউন্ডের মাঝামাঝি যেতেই লিস্টন বাঁ হাতে একটা জ্যাব কষলেন। সেটা এড়িয়ে আলী ডান হাতে দ্রুতগতির একটা ঘুষি ছুড়লেন। লিস্টন সেটা সইতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেলেন মাটিতে। এক পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে চেয়েছিলেন, আবারও পড়ে গেলেন। অনেক দর্শক লক্ষ্যই করেননি, অনেকটা অগোচরেই আলী তাঁর মরণঘুষিটা বসিয়ে দিয়েছেন। সমালোচকদের ভাষায় সেটি ‘ফ্যান্টম পাঞ্চ’, আলীর যেটিকে বলেছেন ‘অ্যাঙ্কর পাঞ্চ’। ওদিকে রেফারি তখন আলীকে ‘নিউট্র্যাল কর্নারে’ নিয়ে যেতে সংগ্রাম করছেন। এদিকে রেফারির গণনা শুরু হওয়ার আগে লিস্টন উঠে দাঁড়াতে পারলেন না। আলী এক রাউন্ডেই জয়ী! পরে অবশ্য লিস্টন দাবি করেছিলেন, গোনার শব্দটা ঠিকঠাক শুনতে পাননি।

.
.


ফাইট অব দ্য সেঞ্চুরি
শতাব্দীর সেরা লড়াই বা ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’ নামে যেটি বিখ্যাত। ৮ মার্চ, ১৯৭১ সালের ওই লড়াইয়ের জয়ী পেয়েছিলেন ওই সময়ের ২৫ লাখ ডলার। তখনকার যুগে বিনোদন বা ক্রীড়াজগতের সেটা ছিল রেকর্ড। আর ৫০টি দেশ সেটি সরাসরি সম্প্রচার করেছিল। প্রথম তিন রাউন্ডে আলীরই দাপট ছিল। কয়েকটা লক্ষ্যভেদী জ্যাব ফ্রেজিয়ারের মুখে ছাপও রেখে দিয়েছিল। চতুর্থ রাউন্ডে এসে ফ্রেজিয়ার নিয়ন্ত্রণ নেওয়া শুরু করেন। কয়েকটা লেফট হুক আর শরীরের আঘাতে ফ্রেজিয়ার তখন ঘুরে দাঁড়িয়েছেন। একটা লেফট হুক তো আলীকে প্রায় মাটিতেই শুইয়ে দিয়েছিল। তবে আলী টিকে গেলেন, পরের তিন রাউন্ডে লড়াই হলো সেয়ানে-সেয়ানে। ১৫তম রাউন্ডে গিয়ে ফ্রেজিয়ারের আরেকটি মোক্ষম লেফট হুক আলীর চোয়ালটা নড়িয়ে দিল। আলী অবশ্য দ্রুতই উঠে দাঁড়িয়েছিলেন। দর্শকেরা ততক্ষণে অভিবাদনে ফেটে পড়ছে। তবে ফ্রেজিয়ারই জয়ী হলেন, আলী স্বাদ নিলেন পেশাদার ক্যারিয়ারের প্রথম পরাজয়ের।
রাম্বল ইন দ্য জাঙ্গল
৩০ অক্টোবর, ১৯৭৪। জায়ারের কিনশাসায় ফ্লয়েড প্যাটারসনের পর দ্বিতীয় বক্সার হিসেবে আলী ধরে রাখলেন হেভিওয়েট শিরোপা। এবার প্রতিপক্ষ জর্জ ফোরম্যান, টিকেছিলেন আট রাউন্ড পর্যন্ত। ফোরম্যান বিখ্যাত ছিলেন তাঁর শারীরিক আগ্রাসন ও জোরালো ঘুষির জন্য। শুরু থেকেই আলীর ওপর চড়ে বসতে চেয়েছিলেন। আলী তখন ইচ্ছা করেই ব্যাকফুটে, দড়ির কাছে গিয়ে আত্মরক্ষা করলেন। পরে ওই কৌশলের নাম দিয়েছিলেন ‘রোপ দ্য ডোপ’। চতুর্থ ও পঞ্চম রাউন্ডে গিয়ে আলী পাল্টা আক্রমণ শুরু করলেন। ফোরম্যান তখন একটু নেতিয়ে পড়েছেন। অষ্টম রাউন্ডে চূড়ান্ত আঘাত এল আলীর, লেফট হুকে ফোরম্যানকে শুইয়ে দিলেন। রেফারির গণনা শেষ হওয়ার আগে উঠে দাঁড়াতে পারেননি ফোরম্যান।
থ্রিলা ইন ম্যানিলা
আলী-ফ্রেজিয়ার দ্বৈরথের তৃতীয় কিস্তি। ম্যানিলার ওই লড়াইয়ে আগে ফোরম্যানের কাছে যাচ্ছেতাই হারের স্মৃতিটা তখনো দগদগে ফ্রেজিয়ারের। আলী শুরু থেকেই সেটি মনে করিয়ে দিচ্ছিলেন। ‘বোকা, কুৎসিত একটা গরিলা’, ‘সাদা মানুষের চ্যাম্পিয়ন’ এসব বলে শুরু থেকেই ফ্রেজিয়ারকে উসকে দিচ্ছিলেন আলী। শুরু থেকেই আলী বেশ ক্ষিপ্র, ফ্রেজিয়ার একটু সমঝে খেলছিলেন। আলী একটু ক্লান্ত হতেই ফ্রেজিয়ার কয়েকটা লেফট হুক কষলেন। মধ্যের রাউন্ডে ফ্রেজিয়ার বেশ দাপটের সঙ্গে খেলছিলেন, কিন্তু দশম রাউন্ডে গিয়ে আলী আবার চড়ে বসতে শুরু করেছিলেন। ১১তম রাউন্ডে আলীর একের পর আঘাতে ফ্রেজিয়ারের চোখ প্রায় বন্ধ। ১৪ ও ১৫তম রাউন্ডের মাঝামাঝি ফ্রেজিয়ারের প্রশিক্ষক এডি ফাচ খেলা থামিয়ে দিলেন। ফ্রেজিয়ার অবশ্য চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ফাচ শোনেননি। টেকনিক্যাল নকআউটে আলীই দুজনের ‘তিন ম্যাচের সিরিজ’ ২-১ ব্যবধানে জিতলেন।