বিশ্বসেরা ফুটবলারের মুকুটটা নিয়ে তাঁদের লড়াই৷ ব্রাজিল বিশ্বকাপে যেটির ঝাঁজ আরও বাড়বে৷ ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির রোমাঞ্চকর উত্থান ও সাফল্যের গল্প নিয়ে ধারাবাহিক প্রতিবেদন সপ্তম পর্ব
তাঁর হাতে উঠল স্বপ্নের ব্যালন ডি'অর

সর্বোচ্চ ৪৮০ পয়েন্ট পাওয়া সম্ভব। তার মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোর অর্জন ৪৪৬। লিওনেল মেসির (২৮১) তুলনায় অনেক বেশি। ওই মৌসুমে মেসি ভালো খেললেও বড় কোনো শিরোপাই পায়নি তাঁর ক্লাব বার্সেলোনা।
ফরাসি ক্রীড়া সাময়িকী ফ্রঁস ফুতবল ২০০৮ সালের ২ ডিসেম্বর ৫৩তম ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের ২৩ বছর বয়সী পর্তুগিজ রোনালদোর নাম ঘোষণা করে। ফুটবলারদের বড় স্বপ্নগুলোর একটি পূরণ হলো তাঁর। পরে অবশ্য ২০১৩ সালের পুরস্কারটিও জিতেছেন তিনি৷ তবে স্বপ্নের ট্রফিটি প্রথমবার ছুঁয়ে দেখার অভিজ্ঞতা নিশ্চয়ই বিশেষ কিছু?
ইউরো ফুটবলে ব্যর্থতা, মাদ্রিদে পাড়ি দিচ্ছেন বলে গুজব, ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন এবং তাঁর উদ্ধত আচরণ, ফুটবল মাঠে বাড়াবাড়ি রকমের বিরক্তি প্রকাশ ইত্যাদি বিতর্ক তখন রোনালদোকে ঘিরে ধরেছে৷ তবু ব্যালন ডি’অর জয় আটকায়নি তাঁর। কারণ তাঁর চোখধাঁধানো নৈপুণ্য, সর্বোচ্চ গোলদাতা হয়ে প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট প্রাপ্তি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়।
ইউনাইটেডের চতুর্থ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অরজয়ী রোনালদোকে অভিনন্দনবার্তা পাঠালেন খোদ পর্তুগিজ প্রেসিডেন্ট আনিবাও কাভাকো সিওভা। অবশ্য সবারই ধারণা ছিল, পুরস্কারটি তিনিই পাচ্ছেন। চূড়ান্ত ঘোষণা আসার আগে রোনালদোও সেই আশা ব্যক্ত করেছিলেন ইতালির গাজেত্তা দেল্লো স্পোর্ত পত্রিকায়। প্যারিসে গিয়ে পুরস্কারটি হাতে তুলে বললেন, ‘সেই ছোটবেলা থেকে আমি ব্যালন ডি’অর ট্রফি জয়ের স্বপ্ন দেখতাম। তাই এ মুহূর্তটা আমার জীবনে অত্যন্ত আবেগের এবং অবিস্মরণীয়। পুরস্কারটি আমার পরিবারের সদস্যদের উৎসর্গ করতে চাই, যারা এখানেই উপস্থিত। আমার মা, বাবা, দুই বোন এলমা ও কাতিয়া, ভাই হুগো, সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু রদ্রিগো ও জে, আমার প্রতিনিধি মেনজেস...সবাইকে উৎসর্গ করছি।’ রোনালদোর মা দোলোরেসের চোখে তখন আনন্দজল। ছেলেকে বললেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত। তুমি পৃথিবীর সেরা ছেলে।’
বর্ষীয়ান কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন তখন মঞ্চে গিয়ে বললেন, ‘আজকের এ মুহূর্তটির জন্য ম্যানচেস্টার ইউনাইটেড ৪০ বছর ধরে অপেক্ষা করছিল। রোনালদো একজন ব্যতিক্রমী, উদ্যমী ও সাহসী খেলোয়াড়৷ এতটা সাহস খুব কম খেলোয়াড়েরই আছে।’
এখানেই শেষ নয়। পরের বছর (২০০৯ সাল) রোনালদো জয় করলেন ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার। ১৫৫টি জাতীয় দলের অধিনায়ক ও কোচের ভোটে তিনি হলেন বিশ্বসেরা ফুটবলার। ট্রফিটি নেন ব্রাজিলের কিংবদন্তি পেলের হাত থেকে। সেই অনুষ্ঠানের সঞ্চালক সিলভি ফন ডার ভার্ট ঘোষণা করেন, ২০০৮ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো পেয়েছেন ৯৩৫ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি পেয়েছেন ৬৭৮ ভোট।
অর্জিত ট্রফি দুটি রোনালদোকে আরও বড় কিছু অর্জনে অঙ্গীকারবদ্ধ করে। কিন্তু আরেকটি দুঃসহ ব্যর্থতার দিন অপেক্ষা করছিল তাঁর জন্য৷ রোমে ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বার্সেলোনার কাছে ২-০ গোলে হেরে যায় ইউনাইটেড৷ হতাশায় মুষড়ে পড়েন৷ পরে তিনি প্রতিপক্ষের প্রশংসা করে বলেন, ‘ওই রাতে খুব ভেঙে পড়েছিলাম৷ এ রকম একটা ফাইনালে পরাজয় মেনে নিতে পারছিলাম না৷ কিন্তু ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে৷ মেসি নিজেও গোল করেছে৷’
ইউনাইটেডের জার্সিতে এটিই ছিল রোনালদোর শেষ ফাইনাল ম্যাচ৷
সূত্র: প্রথম আলোয় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন, একাধিক ওয়েবসাইট এবং লুকা কাইয়োলির বই রোনালদো।