তাঁর ‘সৌভাগ্যের প্রতীক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার নিশ্চয়ই ডিয়েগো ম্যারাডোনার রাতের ঘুমটা ভালোই হবে! আর্জেন্টিনাও নিশ্চয়ই দুর্দান্ত খেলা দেখাবে মাঠে। কারণ? ম্যারাডোনার সৌভাগ্যের প্রতীক যে এখন তাঁর সঙ্গেই, দক্ষিণ আফ্রিকায়! দিনকয়েক আগে একটি সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেছিলেন, ‘আমার নাতি বেঞ্জামিন আমার জন্য “কাবালা”, মানে সৌভাগ্যের প্রতীক। ও পাশে থাকলে মনে বেশ বল পাই। আর্জেন্টিনাও মাঠে ভালো করে।’ আর্জেন্টিনা থেকে দক্ষিণ আফ্রিকায় আসার সময় বেঞ্জামিনের একটা ছবিও সঙ্গে করে নিয়ে এসেছেন ম্যারাডোনা।কিন্তু শুধু ছবি দিয়ে কি আর মন ভরে? আগুয়েরো-পুত্রকে আদর করে দিতে নিশ্চয়ই মনটা ব্যাকুল হয়ে ছিল তাঁর। ম্যারাডোনার ইচ্ছেটা পূরণ হয়েছে এবার। গতকালই ম্যারাডোনার ‘সৌভাগ্যের প্রতীক’ বেঞ্জামিন এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকায়। বড় মেয়ে দালমা আগে থেকেই বাবার পাশে ছিলেন। আর গতকাল ছেলেকে সঙ্গে করে আফ্রিকায় পৌঁছেছেন ম্যারাডোনার ছোট মেয়ে জিয়ান্নিনা। সঙ্গে বেঞ্জামিনের নানি ক্লদিয়াও আছেন। পুরো ম্যারাডোনা পরিবার এখন দক্ষিণ আফ্রিকায়।এক বছর চার মাস বয়সী বেঞ্জামিনও দিব্যি নানুর নেওটা হয়েছে। নানুর হাত ধরে মাঠেও যায় সুযোগ পেলে। অতি কল্পনাপ্রবণেরা এরই মধ্যে বেঞ্জামিনের মধ্যে ‘নতুন ম্যারাডোনা’ দেখতে শুরু করেছেন! বেঞ্জামিন তাঁর নানা ম্যারাডোনা, নিদেনপক্ষে বাবা আগুয়েরোর মতো হতে পারবে কি না, সে তো সময়ই বলে দেবে। ম্যারাডোনার মতো ক্ষণজন্মা প্রতিভারা তো হররোজ জন্মায় না।তবে একটা ভালো বুদ্ধি বের করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিশ্চিনা কার্চনার। বিজ্ঞানীদের পরামর্শ দিয়েছেন, ম্যারাডোনার একটি ‘ক্লোন’ করে ফেলতে! গত বৃহস্পতিবার আর্জেন্টিনার মার্কোস-পাজ শহরের একটি ক্লোন গবেষণাগার দেখতে গিয়েছিলেন। সেখানে বিজ্ঞানীদের কাজকারবার দেখে তিনি রীতিমতো মুগ্ধ। সে সময় বিজ্ঞানীদের কাছে প্রস্তাব রেখেছেন, ‘একজন মেসি, হিগুয়েইন, তেভেজ, ভেরন আর একজন ম্যারাডোনাই যদি ক্লোন করে ফেলতেন আপনারা! কী ভালোই না হতো!’ ওয়েবসাইট।