তাঁরা কি হারিয়েই যাবেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কেমন আছেন?—আছি ভালো। এত খেলা হচ্ছে আর আপনি কোথাও নেই! ভালো থাকেন কীভাবে?—কিছু তো করার নেই...।কথা ভুল নয়। কী আর করবেন ধীমান ঘোষ? গত জাতীয় লিগে সেরা উইকেটকিপার হয়েছিলেন। তিনটি সেঞ্চুরিসহ ৫৯.৩০ গড়ে ৫৯৩ রান করে চার দিনের ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। অথচ বিসিবি কাপের জন্য জাতীয় এবং ‘এ’ দল মিলিয়ে যে ৩৮ ক্রিকেটারের (দুই দলে ১৪ জন করে খেলোয়াড় ও ১০ জন স্ট্যান্ডবাই) তালিকা হয়েছে, তাতে ধীমান কেবলই একজন স্ট্যান্ডবাই! ঢাকায় যখন বিসিবি কাপ চলছে, দিনাজপুরে নিভৃতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। টেলিফোনে তার পরও ধীমানের কণ্ঠে প্রত্যয়, ‘বুঝতে পারছি অসাধারণ কিছু করে না দেখালে আমার চান্স নেই। সে রকম কিছু করার চেষ্টাই চালিয়ে যাচ্ছি।’ধীমান তবু স্ট্যান্ডবাই আছেন, মোশাররফ হোসেন তো আরও হতভাগা! ৩৮ ক্রিকেটারের মধ্যে নেই তিনি। অথচ ৩৪ উইকেট নিয়ে গত জাতীয় লিগে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এই বাঁহাতি স্পিনার। পারফরমার নন কিন্তু জাতীয় দল বললে চেহারা ভেসে ওঠে, এমন ক্রিকেটার ধরলে ‘নেই’ এর তালিকাটা আরও বড়। নাফিস ইকবাল, আফতাব আহমেদ, রাজিন সালেহ, এনামুল হক জুনিয়র, তারেক আজিজ, তালহা জুবায়ের, হান্নান সরকার, মোহাম্মদ শরীফরা যেন হারিয়ে যাচ্ছেন সময়ের স্রোতে! বিসিবি কাপের ১০ জনের অপেক্ষমাণ তালিকায় ঠাঁই করে নিয়েছেন, তার মানে ধীমান-তাপস বৈশ্যদের একেবারে ভুলে যায়নি আকরাম খানের নির্বাচক কমিটি। কিন্তু বাকিরা? জাতীয় লিগের সেরারাও যখন দেশের শীর্ষস্থানীয় ৩৮ ক্রিকেটারের মধ্যে থাকেন না, তাদের কথা বলাই বাহুল্য।বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র চলে গেছেন নির্বাচকদের দৃষ্টিসীমা ছাড়িয়ে। ইংল্যান্ডে ডারহাম লিগে খেলছেন আর অপেক্ষায় আছেন কবে পাবেন নির্বাচকদের সুদৃষ্টি। ইংল্যান্ড থেকেই সেদিন এনামুলের কৌতূহলভরা প্রশ্ন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ আছে। আমাকে কি নেবে?’ কী উত্তর আছে এই প্রশ্নের? না, নির্দিষ্ট করে কারও কথা বলেননি প্রধান নির্বাচক আকরাম খান। তবে জানালেন, ৩৮ ক্রিকেটারের বাইরেও ৬-৭ জনের একটা তালিকা তারা করেছেন। আকরাম বলছেন, ‘সবার প্রতিই আমাদের দৃষ্টি আছে। সুযোগ পেলে সবাইকেই বিভিন্ন দলে খেলানোর চেষ্টা করব।’ একই সঙ্গে মনে করিয়ে দিলেন, কিছু করণীয় আছে খেলোয়াড়দেরও, ‘সবাইকে একসঙ্গে সুযোগ দেওয়া যাবে না। বাইরে থাকা খেলোয়াড়দের কোনো না কোনো পর্যায়ে পারফরম করতে হবে। আর তাদের জন্য জায়গাও থাকতে হবে।’তিন দল নিয়ে চলমান বিসিবি কাপেও যখন জায়গা হলো না, আর কবে হবে? জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ মনে করেন, নির্বাচকেরা চাইলে সামর্থ্য প্রমাণের সুযোগ এই ক্রিকেটারেরা পেতে পারতেন বিসিবি কাপেই, ‘কোনো সন্দেহ নেই এটা ভালো উদ্যোগ। তিনটা দলই সামনে কোনো না কোনো সিরিজ খেলবে। তাদের প্রস্তুতিতে এই টুর্নামেন্ট কাজে লাগবে। কিন্তু আমি মনে করি, আরেকটা দল বাড়িয়ে হলেও আরও কিছু ক্রিকেটারকে খেলার সুযোগ দেওয়া যেত।’ মাসুদের বিশ্বাস, সেটা হলে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়ত, জাতীয় বা ‘এ’ দলের জন্য আরও কিছু পারফরমারও খুঁজে পেতেন নির্বাচকেরা। ‘ধীমান, রুবেল (মোশাররফ)...এরা যেকোনো ম্যাচের চেহারা বদলে দিতে পারে। বিসিবি কাপে এই খেলোয়াড়দের নেওয়া উচিত ছিল। জাতীয় দলে খেলার যোগ্যতা পুরোপুরিই আছে তাদের’—বলেছেন সাবেক এই অধিনায়ক।৩৮ জনকে বেছে নিয়েও বাইরে এত নাম! কে বলে বাংলাদেশে ক্রিকেটারের অভাব? বাইরের এই ক্রিকেটারদের মধ্য থেকেও খুঁজে পাওয়া যেতে পারে হারানো মানিক-রতন, সেই উপলব্ধি এখন আকরাম খানেরও। প্রধান নির্বাচক আশা দিলেন, ‘আগামী দিনে এ ধরনের টুর্নামেন্টে আরেকটা দল বাড়ানোর চেষ্টা করব, যেন সবাইকেই সুযোগ দেওয়া যায়।’