তাঁরা চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান ও লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কার ক্রিকেটের চার মহারথী একই দুঃখে দুঃখী। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে চার-চারটি ফাইনাল খেলেও যে ছোঁয়া হয়নি চ্যাম্পিয়নের ট্রফিটা। উল্টো তকমা লেগে গেল চিরন্তন রানার্সআপের। ভাগ্যিস মুরালিধরন আন্তর্জাতিক ক্রিকেটটা ছেড়ে দিয়েছেন, নইলে ব্যর্থ পঞ্চপাণ্ডব পেয়ে যেত লঙ্কানরা। মুরালি হেরেছেন তিনটি ফাইনালে। তিনটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরেছেন ইংল্যান্ডের গ্রাহাম গুচও। ২০ ও ৫০ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি ফাইনাল হারের রেকর্ডটি এখন চার শ্রীলঙ্কানেরই। অ্যাডাম গিলক্রিস্টের অবস্থান আবার উল্টো মেরুতে। তিনটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছেন এই উইকেটকিপার, তিনটিতেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তিনটি ফাইনাল জিতেছেন ম্যাকগ্রা-পন্টিংরাও, তবে তাঁরা হেরেছেনও একটিতে (১৯৯৬)।