তাঁরা দুই সেন্টারব্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড লুইজ,হামেলস
ডেভিড লুইজ,হামেলস

বয়সে ম্যাটস হামেলসের চেয়ে দুই বছরের বড় ডেভিড লুইজ (২৭)। উচ্চতায় আবার লুইজের চেয়ে দুই ইঞ্চি লম্বা হামেলস (৬ ফুট ৪ ইঞ্চি)। পেশাদারি ক্যারিয়ারের সেই শুরুর বছর খানেক নিজ দেশ ব্রাজিলে খেলে বছর সাতেক ধরেই দেশের বাইরের ক্লাবে খেলছেন লুইজ। হামেলসের ক্লাব ক্যারিয়ার আবার পুরোটাই দেশে। বায়ার্ন মিউনিখে তিন বছর কাটিয়ে চার বছর ধরে বরুশিয়া ডর্টমুন্ডে। এসব দুজনের অমিল। তবে মিলও আছে। দুজনই সেন্টারব্যাক। এ মুহূর্তে সবচেয়ে বড় মিল—ডিফেন্ডার হয়েও দুজনের গোলক্ষুধা! এই দুজনের গোলেই পরশু সেমিফাইনালের টিকিট পেয়েছে দল। দুজনেরই সেটা ছিল এই বিশ্বকাপে দ্বিতীয় গোল!
লুইজের প্রথম গোলটি আগের ম্যাচেই। চিলির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে দলের একমাত্র গোল। এই বিশ্বকাপে শুধু নয়, ব্রাজিলের জার্সিতেই সেটি ছিল তাঁর প্রথম গোল। সংখ্যাটা দ্বিগুণ করে ফেললেন পরের ম্যাচেই। সেটিও এক মহামূল্য গোলে। ফ্রি-কিকে লুইজের সেই গোলাতেই শেষ পর্যন্ত ব্রাজিলের জয়। হামেলস বিশ্বকাপে প্রথম গোলটি করেছিলেন প্রথম ম্যাচে। ফ্লুর কারণে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠেই যেতে পারেননি। পরশু মাঠে নেমে করলেন দলকে শেষ চারে তোলা একমাত্র গোল। পরশুর দুই কোয়ার্টার ফাইনালে ম্যাচসেরা দুই দলের দুই সেন্টারব্যাক।