তাঁরা দুজন

সোহেব মাকসুদ
পাকিস্তানে তাঁকে বলা হচ্ছে মুলতানের নতুন সুলতান। শুধু ইনজামাম-উল হকের শহরে জন্ম বলেই নয়, ব্যাটিং স্টান্স ও খেলার ধরনেও অদ্ভুত মিল। শারীরিক আকৃতিতে যদিও মিল নেই, তবে ইনজির মতো মাকসুদের হাতেও জোর প্রচণ্ড, বলকে সীমানাছাড়া করেন অনায়াসে। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতেই স্টেইন-মরকেলদের বিপক্ষে ফিফটি করেছেন, শ্রীলঙ্কার বিপক্ষেও গত ডিসেম্বরে খেলেছেন ৭৩ রানের দারুণ এক ইনিংস। মাঝের ওভারগুলোতে মাকসুদের আগ্রাসী ব্যাটিং আজও গড়ে দিতে পারে পার্থক্য।

সাচিত্রা সেনানায়েকে
মুরালিধরনের দলের রঙিন পোশাকের স্পিন-ভরসা এখন সেনানায়েকে। যদিও অফ স্পিনার হলেও মিল নেই ধরনে। টার্ন খুব একটা নেই সেনানায়েকের, লাইন-লেংথ আর গতি ও ফ্লাইটের বৈচিত্র্যে ব্যাটসম্যানদের বেঁধে রাখেন উইকেটে। তাতে উইকেটও মেলে নিয়মিত। গত কিছুদিনে ব্যাট হাতে খেলেছেন গুরুত্বপূর্ণ কিছু ইনিংসও। বল হাতে মাঝের ওভারগুলোতে রান আটকানো আর ব্যাট হাতে শেষের দিকে কিছু রান—বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরার দিকে আজও তাকিয়ে থাকবে শ্রীলঙ্কা।