তাঁরা দুজন
আবদুর রাজ্জাক
চোট কাটিয়ে ফিরে প্রথম ম্যাচে খারাপ করেননি। ভারতের বিপক্ষে বাংলাদেশকে এনে দিয়েছিলেন প্রথম ব্রেক থ্রু। মাশরাফি-সাকিবহীন বোলিং আক্রমণকে আজ নেতৃত্ব দিতে হবে তাঁকেই। সহযোগী দেশগুলোর বিপক্ষে অবশ্য তাঁর পারফরম্যান্স বরাবরই দারুণ। শুরু ও শেষে রান আটকানো, মাঝে উইকেট নেওয়া—দেশের সর্বোচ্চ উইকেটশিকারির কাছে আজ প্রত্যাশা থাকবে সবকিছুই।
সামিউল্লাহ শেনোয়ারি
লেগ স্পিনে বাংলাদেশের ব্যাটসম্যানরা বরাবরই একটু নড়বড়ে। শেনোয়ারির জোরের ওপর করা লেগ স্পিন তাই আজ হতে পারে মাথাব্যথার কারণ। পরশু পাকিস্তানকেও ভুগিয়েছেন ভালোই, নিয়েছিলেন শেহজাদ ও মাকসুদের উইকেট। হামিদ হাসানকে ছাড়িয়ে আফগানিস্তানের সর্বোচ্চ ওয়ানডে উইকেটশিকারিও হয়ে গেছেন। অভিষেক ওয়ানডেতে ফিফটি করা শেনোয়ারির ব্যাটের হাতটাও ভালো। পরিস্থিতির দাবি মিটিয়ে যেমন উইকেট আগলে রাখতে পারেন, তেমনি তুলতে পারেন ঝড়।