তাঁরা দুজন

মাশরাফি বিন মুর্তজা
বাতাসে উড়ছে শেবাগের বেলস, আঙুল উঁচিয়ে ছুটছেন মাশরাফি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ছবি এটি, কুইন্স পার্ক ওভালেরও। মাশরাফির জ্বলে ওঠা আর বাংলাদেশের ভারতকে হারানো এক সুতোয় গাঁথা। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম দুটি জয়েই তিনি ম্যাচ-সেরা, গত এশিয়া কাপের জয়েও নিয়েছিলেন ২ উইকেট। বাংলাদেশের প্রায় সব বড় জয়েই শুভসূচনাটা তাঁর হাতেই হয়েছে। বাংলাদেশের দুঃস্বপ্নময় সাম্প্রতিককে পেছনে ফেলতে আজও মাশরাফির কাছ থেকে চাই বিশেষ কিছু।
শিখর ধাওয়ান
তাঁর প্রতিভার আলো প্রথম বিচ্ছুরিত হয়েছিল এই বাংলাদেশেই। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের টুর্নামেন্ট-সেরা হয়েছিলেন ৩ সেঞ্চুরিতে ৫০৫ রান করে। তবে যুব দল থেকে জাতীয় দলের আসার পথটা মসৃণ হয়নি। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে ২৭ বছর বয়সে যখন টেস্ট ক্যাপ পেলেন, যেন পণ করলেন হারানো সময়টা পুষিয়ে দেওয়ার। তিন সংস্করণেই এখন ভারতীয় দলে অপরিহার্য, শেবাগ-গম্ভীরদের মনে পড়তেই দিচ্ছেন না। আজও মাশরাফিদের প্রথম চ্যালেঞ্জ হবে শিখর ধাওয়ানকে দ্রুত ফেরানো।