তাঁরা দুজন আজ দর্শক
প্রতিটি বিশ্বকাপেই ‘ইনজুরি’ এক জাদুকর খেলোয়াড়ের মতো এসে সামনে দাঁড়ায়। সে বিশ্বকাপ শুরুর আগেই হোক, অথবা একেবারে মূল মঞ্চে। আততায়ীর মতো এসে সে হানা দেয় স্বপ্নের সাজানো বাগানে। জার্মানির স্বপ্ন থেকে যেমন রক্ত ঝরিয়েছে মাইকেল বালাকের ইনজুরি, তেমনই ঘানার স্বপ্নেও বড় আঘাত দিয়েছে মাইকেল এসিয়েনের ইনজুরি। দুজনকেই ঘাতক ইনজুরি পেয়ে গিয়েছিল দল ঘোষণার আগে। এবং কী আশ্চর্য দুজনই চেলসির খেলোয়াড় এবং যাঁর যাঁর জাতীয় দলের স্বপ্নের সবচেয়ে বড় বাহক।আজ বালাকের জার্মানি বিশ্বকাপ শুরু করছে অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে, ডারবানে। আর প্রিটোরিয়ায় সার্বিয়ার সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করছে ঘানা। যাঁদের নেতৃত্বে আজ দুটি স্টেডিয়ামে ওড়ার কথা ছিল তাদের পতাকা, তাঁরাই নেই।বালাক মানেই যেন জার্মানির জন্য একই মোড়কের মধ্যে স্বপ্ন ও দীর্ঘশ্বাসের যুগলবন্দী। ২০০২ বিশ্বকাপে একেবারেই ‘কোথাও নেই’ অবস্থা থেকে জার্মানি যে ফাইনালে খেলল, তার অনেকটাই বালাকের দান। জার্মানিকে নিয়ে গেলেন ফাইনালে, কিন্তু সেই ফাইনালেই খেলা হলো না তাঁর। আটকে গেলেন হলুদ কার্ডের বেড়াজালে। ব্রাজিলকে হারিয়ে জার্মানি সেবার চ্যাম্পিয়ন হতে পারত কি না, সেটি অন্য কথা। তবে জার্মানিদের মনের মধ্যে এখনো কোথায় যেন একটা কী বিঁধে আছে, সেটি বালাক-কাঁটা। বালাক সেদিন খেললে ফলটা অন্যরকম হতেও পারত! ৬৭ মিনিট পর্যন্ত প্রবল দাপটে ব্রাজিলকে ঘাবড়ে দেওয়ার পরও হয়তো ২-০ গোলে হারতে হতো না।এখানে এই বিশ্বকাপের সাংবাদিক সমাজে ‘বালাক-এসিয়েন’ খুবই আলোচিত বিষয়। কোচ জোয়াকিম লোকে এখনো বালাককে নিয়ে কথা বলতে হচ্ছে। বেশির ভাগ জার্মান সাংবাদিকই আগে থেকেই বাতিল করে দিচ্ছেন জার্মানির সম্ভাবনা। জিজ্ঞেস করলেই মাথা ঝাঁকাচ্ছেন দুই দিকে, ‘নো চান্স, নো চান্স, উইদাউট বালাক হাউ কুড হোপ?’ তার মানে বালাককে ছাড়া জার্মানি কোনো স্বপ্ন দেখতে পারে না!বালাককে নিয়ে এমন ‘মিথ’ তৈরি হয়ে যাওয়াটা অন্যায়ও কিছু নয়। ২০০২ বিশ্বকাপে সাবেক পূর্ব জার্মানির এই খেলোয়াড় ছিলেন সম্ভাব্য তারকাদের একজন। বালাক কিন্তু ঠিকই আলো ছড়ালেন মাঠে। তাঁর খেলার মধ্যে শক্তি ও সৌন্দর্য মিশে থাকে। কীভাবে যেন বল কোথায় আসবে সেটি বুঝে নিতে পারেন। যেমন ড্রিবল আছে তাঁর, তেমন আছে শুটিং, হেডিং। ক্ষিপ্রগতিতে ওপর থেকে নেমে আসতে পারেন নিচে। শেষের আগেই সম্ভাবনা শেষ না হওয়া জার্মানির চিরকালীন বিশ্বাসের জায়গা। প্রতিভার আকালের দেশ জার্মানি বহুকাল এমন ফুটবলার পায়নি। ২০০২ বিশ্বকাপ স্বপ্নপূরণ করতে না পারা বালাক চেয়েছিলেন নিজের দেশে জার্মানিকে চতুর্থ বিশ্বকাপ শিরোপা এনে দিতে, পারেননি। সেমিফাইনালে সেই স্বপ্ন কেড়ে নিয়ে গেছে ইতালি।ঘানা গত বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠা একমাত্র আফ্রিকান দল। এবার তাদের নিয়ে অতটা হইচই নেই যতটা আছে আইভরিকোস্ট ও ক্যামেরুনকে নিয়ে। তবে ফুটবল-বোদ্ধারা বলছেন, এবারও যদি দ্বিতীয় রাউন্ড কোনো আফ্রিকান দলের নিশ্চিত হয় আগেভাগেই, সেটা হবে ঘানার। ‘ব্ল্যাক স্টার’রা খুব শক্তিশালী দল। ঘানার অধিনায়ক স্টেফেন আপিয়াহ বারবার বলছেন, এসিয়েনের অভাব তারা পূরণ করে ফেলবেন অ্যান্থনি আনানকে দিয়ে। ‘আইভরিকোস্টের যেমন দ্রগবা আছে, ক্যামেরুনের আছে ইতো, এমন একক কোনো খেলোয়াড়নির্ভর দল আমরা নই। এসিয়েন নেই তো কী হয়েছে? আমরা ভালো খেলব’—কথাটা কি গভীর বিশ্বাস থেকে বলতে পারছেন ঘানার অধিনায়ক? ঘানার সাংবাদিকদের সঙ্গে কথা বলে মনে হলো ঠিক বলছেন না আপিয়াহ।আবার বালাক ছাড়া জার্মানি অচল, এ কথা যে গুটিকয়েক মানুষ মানেন না তাঁর মধ্যে একজন আরনল্ড হেইঞ্জে। তাঁর কথা, ‘বালাক নেই, সামি খেদিরা আছে না। ও চমকে দেবে সবাইকে। আমার তো মনে হয়, অচেনা এই তরুণ জার্মানি দলটাই ভালো করবে।’কে এই খেদিরা? ২২ বছর বয়সী এই মিডফিল্ডার খেলেন স্টুটগার্টে। তিউনিশিয়ান বাবা ও জার্মান মায়ের সন্তান খেদিরাকে দেখা হচ্ছে আগামী দিনের বড় তারকা হিসেবে। কে বলতে পারে, আজই হয়তো লম্বা চুলের এই তরুণ সারা বিশ্বকে চিনিয়ে দেবেন তাঁর প্রতিভা।১৯৬৬ বিশ্বকাপে জিমি গ্রিভসের পা না ভাঙলে জিওফ হার্স্টের নামই হয়তো জানত না ফুটবলের বিশ্বসংসার। ২০০২ বিশ্বকাপে আফটার শেভের বোতল পায়ের ওপর পড়ে সান্তিয়াগো ক্যানিজারেস আহত না হলে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে খুঁজে নিতে আরও সময় লাগত। কে জানে, বালাকের ইনজুরি আরেকজন তারকার কুঁড়ি থেকে ফুল হয়ে ফোটার সুযোগ করে দিল নাকি!