তাঁরা দুজনই মাঠের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই তারকার দ্বৈরথটা এতই রোমাঞ্চকর যে, মেসির গোলের জবাবে গোল আর হ্যাটট্রিকের জবাবে হ্যাটট্রিক করবেন রোনালদো—এটাই যেন নিয়ম হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চোট পাওয়ার কিছুদিনের মধ্যেই রোনালদোও চোটে পড়বেন, এ নিতান্তই কাকতাল ছাড়া আর কী! গত শনিবার আলমেরিয়ার বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটে যখন ব্যথা নিয়ে বেরিয়ে যান, তখনো বোঝা যায়নি, ব্যাপারটা গুরুতর কিছু। এমনকি ম্যাচের পর রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে রোনালদোও আশ্বস্ত করেছিলেন—বদলি হয়ে উঠে যাওয়াটা শুধুই বাড়তি সতর্কতা। কিন্তু পরশু রিয়ালের এক বিবৃতিতে জানানো হয়েছে, হাসপাতালে নানা পরীক্ষার পর রোনালদোর বাঁ ঊরুতে একটা সমস্যা ধরা পড়েছে। এটা ঠিক কত দিন রোনালদোকে মাঠের বাইরে বসিয়ে রাখবে, তা জানানো হয়নি। তবে কোচ আনচেলত্তি আগামী শনিবার লিগ ম্যাচেই তাঁকে ফিরে পাওয়ার আশা করছেন, ‘ওর সামান্য টান লেগেছে। তবে ও শনিবারে খেলার ব্যাপারে খুব আত্মবিশ্বাসী। তবে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। পুরো ফিট থাকলে তবেই সে খেলবে।’
আলমেরিয়ার বিপক্ষে ম্যাচের ৩৬ মিনিট বাদ দিলে এই মৌসুমে রিয়ালের হয়ে সব কটি ম্যাচের পুরো সময় খেলেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার পর চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ৪৮টি ম্যাচের মাত্র ৪টিতেই মাঠে ছিলেন না তিনি। ওয়েবসাইট।