তাঁরা পেতেছেন নতুন 'সংসার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাডমিন্টন দম্পতি এনায়েত-এলিনা। ফাইল ছবি
ব্যাডমিন্টন দম্পতি এনায়েত-এলিনা। ফাইল ছবি

কোর্টে বহুবার মিশ্র দ্বৈতে জুটি গড়েছেন। অনেক দিনের চেনা জানার সূত্রে জুটি গড়েছেন জীবনের কোর্টেও। এনায়েত উল্লাহ খান ও এলিনা সুলতানা দম্পতির কোল জুড়ে এসেছে কন্যা সন্তানও। সেও বছর তিনেক হয়ে গেল। এবার তাঁরা শুরু করেছেন নতুন মিশন। ব্যাডমিন্টন কোচ হতে হচ্ছেন দুজনই।

আর সেই পথে দুজন মালয়েশিয়ায় একটি কোচিং কোর্স করছেন, যেটির যৌথ আয়োজক স্পেশাল অলিম্পিকস ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশন ও ব্যাডমিন্টন এশিয়া কনফেডারেশন। কুয়ালালামপুরে ১২-১৫ মে অনুষ্ঠেয় ব্যাডমিন্টন টিউটরস ট্রেনিং প্রোগ্রামে বাংলাদেশ থেকে এই দুজনকে মনোনীত করেছে পাঠিয়েছে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ। সেখানেই শুরু তাঁদের নতুন সংসার।

এর আগে গত ৬-১০ এপ্রিল সিঙ্গাপুরে ‘ট্রেইন দ্য ট্রেনার’ প্রোগ্রামে অংশ নিয়েছিলেন ২০১১ সালে জাতীয় চ্যাম্পিয়ন এনায়েত। এলিনা জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন ২০১০ ও ২০১৪ সালে। গত বছর তিনি এককে রানার্সআপ এবং ডাবলসে চ্যাম্পিয়ন।

স্ত্রীকে নিয়ে কুয়ালালামপুর যাওয়ার আগে উচ্ছ্বসিত এনায়েত বলছিলেন, ‘নিজের খেলোয়াড়ি অভিজ্ঞতা এবার কোচ হয়ে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। আর চাই নতুন ব্যাডমিন্টন খেলোয়াড় তুলে আনতে।’ সঙ্গী হিসেবে কাজে লাগাতে চান স্ত্রীর অভিজ্ঞতা। এলিনাও স্বামী ও সঙ্গীকে সহায়তা করতে প্রস্তুত, ‘সংসার জীবনের মতো ব্যাডমিন্টনেও স্বামীকে সহায়তা করতে কোচিং কোর্সটা করছি।’

এবার যদি সেই সংসার থেকে নতুন ‘পোনাপুনি’ উঠে আসে, বাংলাদেশের ব্যাডমিন্টনই তাতে উপকৃত হবে।