তাঁরা যেন আসেন ভ্রমণের জন্যই!
বাংলাদেশের কমনওয়েলথ গেমস শেষ হচ্ছে আজ। অন্য ছয়টি খেলা আগেই শেষ হয়েছে। এখন শুধু শ্যুটিং চলছে।মেয়েদের ৫০ মিটার প্রোনে কাল সাবরিনা সুলতানা ২১ জনে ১২তম হয়েছেন। জ্বর নিয়ে খেলেও তাঁর স্কোর ভালোই—৬০০-তে ৫৮৪। তৃপ্তি দত্ত করেছেন ৫৬৬। এই ইভেন্টে সেরা তিনটি স্কোরই কমনওয়েলথ গেমস রেকর্ড (৫৯৭, ৫৯৪, ৫৯৩)।পুরুষ দলীয় প্রোনে রমজান আলী ৫৮২ ও আবদুল্লাহ হেল বাকি ৫৮০ করেছেন। ১৮ দলে বাংলাদেশ নবম। তবে স্কোর বেড়েছে বলে দাবি শ্যুটিং দলের।এই দলে কয়েকজন শ্যুটার আছেন, যাঁরা সব প্রতিযোগিতায় ফেডারেশনের কারও না কারও আশীর্বাদ পেয়ে সুযোগ পান। কিন্তু ফলাফলে থাকেন সবার শেষে। তেমনই একজন শারমিন শিল্পা। দলীয় থ্রি পজিশন এবং ব্যক্তিগত বিভাগে তাঁর স্থান সবার নিচে। এটা শুধু কমনওয়েলথ গেমসে নয়, সব প্রতিযোগিতাতেই প্রায় একই অবস্থা।আন্তর্জাতিক মানের ধারেকাছেও যেতে পারেন না যেসব শ্যুটার, তাঁদের আর কত দিন ফেডারেশনের কর্তারা টেনে নেবেন—এই প্রশ্ন উঠেছে। অথচ সাবরিনা সুলতানাকে খেলা ছাড়ার জন্য চাপ দেওয়া হয়। ক্যারিয়ারের শেষ সময়ে এসে সাবরিনা যে স্কোর করছেন, তাতে ভালো অবস্থান না থাকলেও কয়েকটি ইভেন্টে তিনিই যেন অন্ধের যষ্টি!