তাঁরা শুধুই বন্ধু!
বিয়ের গুঞ্জনটি তুড়ি মেরে উড়িয়ে দিলেন ওয়াসিম আকরাম-সুস্মিতা সেন দুজনেই। আকরাম বললেন, বলিউড অভিনেত্রী সুস্মিতা ও তাঁকে জড়িয়ে বিয়ের যে গুঞ্জন রটেছে, তার কোনো ভিত্তি নেই। সুস্মিতা আখ্যায়িত করেছেন ‘জঘন্য’ বলে। দুজনেই বলেছেন, তাঁরা শুধুই ভালো বন্ধু।আকরাম ও ১৯৯৪ বিশ্বসুন্দরী সুস্মিতার ঘনিষ্ঠতা সেই ২০০৮ সাল থেকে। ভারতের একটি ‘ডান্স শো’তে বিচারক হিসেবে একসঙ্গে কাজ করেছিলেন দুজনে। ‘এক খিলাড়ি, এক হাসিনা’ (এক খেলোয়াড়, এক সুন্দরী) নামের ওই ডান্স শোতে অংশ নিয়েছিলেন ভারতের ক্রিকেটার হরভজন সিং, দিনেশ কার্তিক, ইরফান পাঠান, শ্রীশান্ত, নিখিল চোপড়া ও বিনোদ কাম্বলি। অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় পাকিস্তানের শীর্ষস্থানীয় একটি চ্যানেলেও। ২০০৯ সালে স্ত্রী হুমা মারা যাওয়ার পর বিয়ে করেননি আকরাম। ওদিকে দুটি সন্তান দত্তক নিলেও সুস্মিতা এখনো বিয়ের পিঁড়িতে বসেননি।কিছুদিন ধরেই চলছে বিয়ের গুঞ্জন। গত পরশু ভারতের গণমাধ্যম দাবি করে বসে, মুম্বাইয়ে বিয়ে করতে যাচ্ছেন আকরাম ও সুস্মিতা। শুধু ভারতেই নয়, পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোও আকরাম-সুস্মিতার সম্ভাব্য বিয়ের গল্প নিয়ে বেশ সরগরম। যেমনটা ছিল ২০১০ সালে শোয়েব মালিক ও সানিয়া মির্জার বিয়ে নিয়ে। কিন্তু আকরাম এই গুঞ্জনে খুবই বিরক্ত। গতকাল এএফপিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমি অনেকবারই গুঞ্জনটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি চাই, এটা এখানেই চিরতরে শেষ হোক।’ আর টুইটারে সুস্মিতা লিখেছেন, ‘হে বন্ধুরা, ওয়াসিমের সঙ্গে আমার আসন্ন বিয়ের সংবাদটি পড়েছেন...সম্পূর্ণই বাজে। আমি আর ওয়াসিম খুব ভালো বন্ধু।’৪৬ বছর বয়সী আকরামও ৩৭ বছর বয়সী সুস্মিতাকে ভালো বন্ধু দাবি করে বলেছেন, ‘সে আমার দেখা অন্যতম মার্জিত ও রুচিশীল নারী। তার সঙ্গে বিচারক হিসেবে কাজ করাটা ছিল খুবই মজার। সে খুবই পেশাদার এবং নিজেকে মার্জিতভাবে উপস্থাপন করতে পারে।’‘ডান্স শো’টিতে কাজ করে আকরাম মুগ্ধও, ‘শোটি ভালোভাবে নিয়েছিল দর্শকেরা। সীমানার ওপারেও দর্শকেরাও ছিল মুগ্ধ। যদি আবার তার সঙ্গে কাজ করার সুযোগ পাই, আমি করব। কিন্তু দুই দেশের গণমাধ্যমের কাছেই আমার চাওয়া, আমাদের সম্মানটা দিন।’আকরাম বলেছেন, তিনি জীবনটা নিয়োজিত করতে চান তাঁর দুই ছেলে তাইমুর ও আকবরকে মানুষ করার পেছনে, ‘আমি তাদের তুলে আনতে চাই এবং ভালো ও সফল মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। কাজেই আমি আমার জীবন আমার ছেলেদের জন্য উৎসর্গ করব।’ ওয়েবসাইট।বিয়ে না করলেও সুস্মিতার দুটি দত্তক সন্তান আছে। সেদিকে ইঙ্গিত করে আকরামের আকুতি, ‘আমার একটা ব্যক্তিগত জীবন আছে। তারও একটা নিজস্ব জীবন আছে। গণমাধ্যম ও সমর্থকদের উচিত নয় সেটাকে অসম্মান করা। আমি সব সময়ই ভারতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ভারতে যে সম্মান পেয়েছি, তাতে আমি খুবই আনন্দিত।’